hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

ইসলাম একটি পরিপূর্ণ ও চিরন্তন জীবন ব্যবস্থার নাম:

এ কথায় কোন সন্দেহ নেই যে, ইসলাম এমন একটি বরকতময় জীবন ব্যবস্থার নাম, মানব জাতির জন্য এর চেয়ে উৎকৃষ্ট ও পরিপূর্ণ জীবন বিধান কখনও আসে নি। আল্লাহ তায়ালা প্রত্যেক নবীর জন্য এক একটি শরীয়ত ও জীবন-বিধান দান করেছিলেন। কিন্তু তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শরীয়তকে করেছেন সবচেয়ে পরিপূর্ণ। এটি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। এই শরীয়ত যে কোন স্থান, কাল, পরিবেশ ও পরিস্থিতির জন্য প্রযোজ্য। আল্লাহ তায়ালা বলেন,

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

“আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।” [সূরা মায়িদাহ/৩] কারণ, ইসলামী শরীয়তে রয়েছে সকল সমস্যার সমাধান। ইসলামী শরীয়তে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত হওয়ার পাশাপাশি প্রতিটি মানুষকে মানুষ হিসেবে মর্যাদা প্রদান করা হয়েছে আর মুসলিম হিসেবে মুসলিমকে মর্যাদা প্রদান করা হয়েছে। কারণ, শরীয়ত তাওহীদ বা একত্ববাদের বার্তা বহণ করে।