hadith book logo

ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ

লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ইসলামী সার্বভৌমত্ব (Islamic Sovereignty) :

ইসলামের তত্ত্বানুসারে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং ফলত সকল আইনই আল্লাহর নির্দেশিত কাঠামোর সাহায্যে রচিত হওয়া বাধ্যতামূলক। ইসলামী রাষ্ট্রে গণনির্বাচিত প্রতিনিধি তথা রাষ্ট্রপ্রধানের (খলীফার) হাতে শাসনভার থাকে এবং রাষ্ট্রপ্রধান আল্লাহর সার্বভৌমত্বের নীতি অনুযায়ী কুরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় শাসনকার্য পরিচালনা করেন। অন্য কথায়, রাষ্ট্রপ্রধান আল্লাহর সার্বভৌমত্বকে ইসলামী মূলনীতির আলোকে জনগণের ইচ্ছানুযায়ী সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করে থাকেন। বস্তুত সার্বভৌমত্বকে আল্লাহর কর্তৃত্বে ন্যস্ত ঘোষণা করে ইসলাম মানবিক উচ্ছৃঙ্খলতার হাত থেকে মানুষকে রক্ষা করার প্রয়াস পেয়েছে। ইসলামী রাষ্ট্র তাই প্রচলিত গতানুগতিক অর্থে সার্বভৌম নয়, ইসলামী রাষ্ট্র খিলাফত তথা প্রতিনিধিত্ব বলে অভিহিত। রাষ্ট্রীয় প্রশাসনের মূলমন্ত্র হিসেবেই প্রতিনিধিত্বের নীতি কাজ করে। ইসলামী রাষ্ট্রে শাসন পরিচালক শুধুমাত্র আল্লাহর প্রতিনিধি হিসেবেই রাষ্ট্র শাসনের অধিকার লাভ করে এবং তা গণমানুষের কল্যাণে প্রয়োগ করে। রাষ্ট্রের সকল নাগরিকও মহান উদ্দেশ্য সাধনে প্রশাসনকে সহযোগিতা প্রদান করে।