hadith book logo

যেসব কারণে ইবাদাত বরবাদ হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ‐ وَالصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

‘যেসব কারণে ইবাদাত বরবাদ হয়’ বইটি প্রকাশ করতে পেরে আল্লাহ তা‘আলার অশেষ শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি শেষ নবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।

পরকালীন মুক্তির জন্য ইবাদাতের গুরুত্ব অপরিসীম। কিন্তু ইবাদাত আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে। আবার এমন কিছু বিষয় রয়েছে, যার ফলে মানুষের ইবাদাত নষ্ট হয়ে যায়। এসব বিষয়ে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। আমাদের সমাজে অনেকেই সওয়াব মনে করে বিভিন্ন ধরনের আমল করে যাচ্ছেন। অথচ তারা এটা খুঁজে দেখেন না যে, এসব আমল নবী ﷺ ও তাঁর সাহাবায়ে কেরাম করেছেন কি না। কোন আমল যদি নবী ﷺ এবং সাহাবায়ে কেরাম কর্তৃক অনুমোদিত না হয় তবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ‏‏

‘‘যে ব্যক্তি এমন কোন আমল করল যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত হবে।’’ অর্থাৎ এসব আমল বিফলে যাবে। (সহীহ মুসলিম, হ/৪৩৮৫)

এ বইয়ে ইবাদাত সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিশেষ করে যেসব কারণে ইবাদাত নষ্ট হয়ে যায় এবং যেসব বিদআতী আমল সমাজে চালু আছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে কতিপয় কুসংস্কার সম্পর্কেও আলোচনা করা হয়েছে, যা মুসলিম জাতিকে বিজাতির অনুসরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি, পাঠকসমাজ এ বইটি পাঠ করে ইবাদাতের তাৎপর্য সম্পর্কে জানতে পারবেন এবং যেসব বিদআতী আমল ও কুসংস্কার সমাজে চালু আছে তা জেনে এ থেকে নিজেরা বিরত থাকবেন এবং জাতিকে এ থেকে মুক্ত করার চেষ্টা করবেন; ইনশা-আল্লাহ। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন

বইটি প্রকাশনার কাজে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তা‘আলা যেন সকলকে উত্তম বিনিময় দান করেন এবং এ ক্ষুদ্র প্রয়াসকে আমাদের সকলের জন্য নাজাতের একটি ওসীলা বানিয়ে দেন। আমীন

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী