hadith book logo

মহা উপদেশ (‘আদী ইবন মুসাফিরের অনুসারীদের এর কাছে লেখা চিঠি)

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

হুলুলের আকীদা পোষণকারী সর্বেশ্বরবাদীদের প্রকার:

তারা দুই প্রকার:

ক- এক সম্প্রদায়ের লোক এমন আছে আল্লাহ তা‘আলাকে কতিপয় বস্তুর মধ্যে সর্বেশ্বর ও অদ্বৈতবাদে বিশেষিত করে। যেমন, খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালামের মধ্যে ও চরমপন্থীরা আলী রাদিয়াল্লাহু ‘আনহু ও তার সমমানের লোকদের মধ্যে আল্লাহ তা‘আলার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে। অপর কিছু লোক পীর, মাশাইখদের মধ্যে আল্লাহ তা‘আলা আছে বলে বিশ্বাস করে। আর কিছু লোক রাজা-বাদশাহের মধ্যে আল্লাহ তা‘আলা আছে বলে বিশ্বাস করে থাকেন। আর কিছু লোক সুন্দর সুন্দর ছবির মধ্যে আল্লাহ তা‘আলা আছে বিশ্বাস করে। ইত্যাদি ভ্রান্ত কথা-বার্তা রয়েছে যেগুলো খৃস্টানদের কথার চেয়েও নিকৃষ্ট।

খ- দ্বিতীয় শ্রেণী: এ শ্রেণীর লোকেরা আল্লাহ তা‘আলাকে সব বস্তুর মধ্যে সর্বেশ্বর ও অদ্বৈতবাদ বলে। এমনকি তারা সকল অস্তিত্বের মধ্যে আল্লাহ তা‘আলা বিরাজমান বলে মনে করে। এমনকি তারা বিশ্বাস করে কুকুর, শূকর, অপবিত্র বস্তুসহ অন্যান্য সবকিছুতে আল্লাহ তা‘আলা বিরাজমান। এটি জাহমিয়া সম্প্রদায় ও তাদের মতাবলম্বী এবং অদ্বৈতবাদী মত। যেমন, ইবন ‘আরাবী, ইবন ফারিদ্ব, ইবন সাব‘ঈন, তিলমসানীও বালয়ানী প্রমুখের অনুসারীদের বিশ্বাস ।

অথচ সকল রাসূল, তাদের অনুসারী মুমিন ও আহলে কিতাবের মাযহাব হলো, আল্লাহ তা‘আলা সমগ্র বিশ্বের স্রষ্টা। আসমান ও যমীন এবং তার মধ্যকার সব কিছুর রব, মহান আরশের রব, সকল সৃষ্টি তারই বান্দা। তারা তার প্রতি মুখাপেক্ষী। মহা মহিম পবিত্র আল্লাহ তা‘আলা আসমানের আরশের উপর রয়েছেন। সৃষ্ট জীব থেকে তিনি অনেক দূরে। এতদসত্বেও তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথেই রয়েছেন। যেমন, আল্লাহ তা‘আলা বলেন,

﴿هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ٤﴾ [ الحديد : ٤ ]

“তিনিই ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর আরশের উপর উঠেছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উঠে। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু কর আল্লাহ তা‘আলা তা দেখেন”। [সূরা আল-হাদীদ, আয়াত: ৪]