hadith book logo

মহা উপদেশ (‘আদী ইবন মুসাফিরের অনুসারীদের এর কাছে লেখা চিঠি)

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

ফিতনা ও তার প্রভাব:

উসমান রাদিয়াল্লাহু ‘আনহুকে হত্যার মাধ্যমে ফিতনার আগুন দাউদাউ করে জ্বলে উঠল। এক ও অখণ্ডিত মুসলিম মিল্লাত বিবিধ দলে উপদলে বিভক্ত হল। এক দল উসমান রাদিয়াল্লাহু ‘আনহুর পক্ষ নিলো এবং তার প্রতি অতি শ্রদ্ধায় সীমালঙ্ঘন করল এবং আলী রাদিয়াল্লাহু ‘আনহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিল, এরা ছিল অধিকাংশ শামবাসী। তারা নির্দ্বিধায় আলী রাদিয়াল্লাহু ‘আনহুকে গালি-গালাজ ও তার সঙ্গে চরম ঈর্ষা শুরু করল।

অপর দিকে অধিকাংশ ইরাকবাসী আলীর রাদিয়াল্লাহু ‘আনহুর পক্ষ গ্রহণ করল এবং আলী রাদিয়াল্লাহু ‘আনহুকে শ্রদ্ধা করতে গিয়ে সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি করল, উসমান রাদিয়াল্লাহু ‘আনহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তার সঙ্গে বিরোধের পাহাড় ক্রমান্বয়ে গাঢ় হয়ে উঠল, তাকে গালি-গালাজ দেওয়া শুরু করল। এভাবে এ ফিরকাবন্দী ও বিদ‘আত প্রকট আকার ধারণ করল। এরা শেষ পর্যন্ত আবু বকর ও উমার রাদিয়াল্লাহু ‘আনহুমাকে গালি দেওয়া শুরু করল। ফলে সেদিন এটি বৃহত্তর বিপদ রূপে প্রকাশ পেল।

সুন্নাহ বা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আদর্শ হলো উসমান ও আলী রাদিয়াল্লাহু ‘আনহুমা উভয়কে মহব্বত করা। আর আবু বকর ও উমার রাদিয়াল্লাহু ‘আনহুমাকে তাদের দু’জনের উপরে অগ্রাধিকার দেওয়া। তারা দু’জন এ জন্যে প্রাধান্য পাওয়ার যোগ্য যে, তাদের দুইজনকে মহান আল্লাহ তা‘আলা বিশেষ বিশেষ গুণে বিশেষিত করেছেন। মহান আল্লাহ তা‘আলা স্বীয় গ্রন্থে দলাদলি ও বিচ্ছিন্ন হওয়া নিষেধ করেছেন।

এটি এমন স্থান যেখানে ঐক্যের ওপর অটুট থাকা ও আল্লাহ তা‘আলার রজ্জুকে সু-দৃঢ়ভাবে আঁকড়ে ধরা মুমিনের ওপর ওয়াজিব করেছেন। কারণ, ইলম, ন্যায়পরায়ণতা ও আল্লাহ তা‘আলার কিতাব ও সুন্নতের অনুসরণের ওপরই সুন্নতের মূলভিত্তি প্রতিষ্ঠিত।