hadith book logo

মহা উপদেশ (‘আদী ইবন মুসাফিরের অনুসারীদের এর কাছে লেখা চিঠি)

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

বিসমিল্লাহির রহমানির রাহীম

আহমাদ ইবন তাইমিয়্যাহর পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারী প্রত্যেক মুমিন মুসলিমের প্রতি... অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, আল্লাহ সম্পর্কে জ্ঞানী, শাইখ “আবুল বারাকাত ‘আদী ইবন মুসাফির আল-উমাওয়ী” রাহিমাহুল্লাহ এর অনুসারী ও যারা তাদের মত রয়েছে এমন সকলের প্রতি এ চিঠি। আল্লাহ তাদেরকে তার রাস্তায় চলার তৌফিক দিন, তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য সাহায্য সহযোগিতা করুন, তার রজ্জুকে শক্তভাবে ধারণকারী হিসেবে প্রস্তুত করুন, তাদেরকে সে পথের হিদায়াত দিন, যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন -সকল নবী, সিদ্দীক, শহীদ এবং সালেহ তথা সৎ লোকদের পথ। আর তাদেরকে তিনি পথভ্রষ্ট এবং বক্রপথের অনুসারীদের পথ থেকে দূরে রাখুন, যারা আল্লাহ তা‘আলা তার রাসূলকে যে শরী‘আত ও পন্থার ওপর প্রেরণ করেছেন সে পথ থেকে বেরিয়ে গেছে। যাতে করে তারা কুরআন ও সুন্নাহর অনুসরণের মাধ্যমে হতে পারে এমন লোকদের অন্তর্ভুক্ত; যাদের ওপর আল্লাহর দয়া প্রকাণ্ড আকারে প্রকাশ পেয়েছে।

সালামুন আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহূ।

অতঃপর,

আমরা অবশ্যই মহান আল্লাহ তা‘আলার প্রশংসা করব, যে আল্লাহ তা‘আলা ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই। তিনিই প্রশংসার যোগ্য এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আর আমরা আল্লাহ তা‘আলার নিকট কামনা করি, তিনি যেন বনী আদমের সরদার, সমস্ত নবীদের শেষ নবী, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত মাখলুক, আল্লাহ তা‘আলার সর্বাধিক নিকটতম ব্যক্তি, যার মর্যাদা তার নিকট সব চেয়ে মহান -সেই নবী মুহাম্মাদ তার বান্দাও রাসূল এবং তার সাথী-সঙ্গী ও পরিবার-পরিজনের ওপর অধিক পরিমাণে সালাত ও সালাম বর্ষণ করুন।

অতঃপর,

আল্লাহ তা‘আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি সব ধর্মের ওপর তা বিজয়ী করেন; আর সাক্ষী হিসেবে আল্লাহ তা‘আলাই যথেষ্ট। তার প্রতি শাশ্বত কিতাব অবতীর্ণ করেছেন পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও হিফাযতকারীরূপে। তিনি তাঁর (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্য ও তাঁর উম্মতের জন্য দীনকে পূর্ণ করেছেন। তাদের জন্য নি‘আমতকে সম্পন্ন করেছেন এবং তাদেরক সর্বোত্তম জাতি বানিয়েছেন যাদের মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তারা ৭০টি উম্মতকে পূর্ণতা দিয়েছে (অর্থাৎ তারা সত্তরতম উম্মত), তবে তাদের মধ্যে তারাই আল্লাহ তা‘আলার নিকট সর্বোত্তম ও সর্বোচ্চ সম্মানী। আল্লাহ তা‘আলা তাদের মধ্যপন্থী অর্থাৎ ন্যায়পরায়ণ ও সর্বোত্তম জাতি বানিয়েছেন।