hadith book logo

সংক্ষিপ্ত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব

লেখকঃ সাইয়্যেদ মাহমূদ শুকরী আলূসী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

২। অনৈক্য

জাহেলী যুগে আরবের লোকেরা ছিল একেবারেই বিশৃঙ্খল। নেতারা আনুগত্য করাকে তারা মানহানিকর ও গ্লানিকর বলে মনে করতো। আল্লাহ তাদেরকে জামাআতবদ্ধ হওয়ার আদেশ দিলেন এবং বিভক্ত হতে নিষেধ করলেন।

যেমন ইরশাদ হচ্ছে-

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آَيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴿سورة آل عمران : 103﴾

‘হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। খবরদার বিভক্ত হয়ো না। আর তোমরা স্মরণ করো সেই অতীতকে যখন তোমরা আপোষে পরস্পরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে পারস্পরিক মহববত পয়দা করে দিলেন। ফলে তোমরা সকলেই আল্লাহর রহমতে পরস্পরের ভাই হয়ে গেলে। (আরও স্মরণ করো) যখন তোমরা (পারস্পরিক শত্রুতার কারণে ধ্বংসের) অগ্নিকুন্ডের কিনারে পৌঁছে গিয়েছিলে; অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করেন। এই ভাবে আল্লাহ তোমাদের নিকট তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা সত্য-সঠিক পথ পেতে পারো।’ (সূরা আল ইমরান, ৩ : আয়াত ১০৩)

উপরের আয়াতে আল্লাহ তা‘আলা মদীনার আউস ও খাযরাজ গোত্রের মধ্যকার যুদ্ধের দিকে ইশারা দিয়েছেন, যা দীর্ঘ একশত বিশ বৎসর যাবৎ চলেছিল। যতক্ষণ না ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ্ তাদের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন এবং হিংসা দূরীভূত হয়ে যায়। ইবনে ইসহাক একথা বলেছেন। তাদের মধ্যে সর্বশেষ যে যুদ্ধ হয়েছিল সেটি ছিল ‘বুআছের’ যুদ্ধ। এ বিষয়ে ‘কামেল’ নামক কিতাবে বিস্তারিত বর্ণনা আছে।

কেউ কেউ বলেন, উক্ত আয়াতে আরবের মুশরিকদের মধ্যে যে দীর্ঘায়িত বিবাদ- বিসম্বাদ যেমন বসুসের যুদ্ধ (যা চল্লিশ বৎসর যাবত চলেছিল) প্রভৃতি জারি ছিল- সেই দিকে ইশারা করা হয়েছে। হাসান রা. থেকে একথা বর্ণনা করা হয়েছে।

এমনিভাবে নেতার অনুগত হয়ে জামায়াতবদ্ধ জীবন যাপনের নির্দেশ দিয়ে অন্য আয়াতে ইরশাদ হয়েছে-

فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا . ﴿سورة التغابن : 16﴾

‘তোমরা তোমাদের সাধ্যমত আল্লাহকে ভয় করো এবং নির্দেশ গ্রহণ করো ও অনুগত হয়ে চলো’। (সূরা আত-তাগাবুন, ৬৪ : আয়াত : ১৬)

এমনি ধরণের আরও বহু আয়াত রয়েছে, যেখানে একনায়কত্ব, হঠকারিতা, বিশৃঙ্খলা, আনুগত্যহীনতা প্রর্ভতি জাহেলী যুগের স্বভাবসমূহের বিরুদ্ধে আল্লাহ তা‘আলার নিষেধাজ্ঞা রয়েছে।