hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

নির্দিষ্ট সময় পরে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে

গত ৫ বিলিয়ন বছর ধরে রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যের পৃষ্ঠে তাপ উৎপন্ন হচ্ছে। অনাগতকালের কোন এক নির্দিষ্ট সময়ে এর সমাপ্তি ঘটবে যখন সূর্য পৃথিবীর সকল প্রাণীর অস্তিত্বের বিলুপ্তির মাধ্যমে সম্পূর্ণ নিষ্প্রভ হয়ে যাবে। সূর্যের অস্তিত্বের অস্থায়িত্ব সম্পর্কে কোরআন বলে–

وَ الشَّمۡسُ تَجۡرِیۡ لِمُسۡتَقَرٍّ لَّہَا ؕ ذٰلِکَ تَقۡدِیۡرُ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ

অর্থ : সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। (সূরা ইয়াসীন : ৩৮)

অন্য আয়াতে আল্লাহ বলেছেন–

یُکَوِّرُ الَّیۡلَ عَلَی النَّہَارِ وَ یُکَوِّرُ النَّہَارَ عَلَی الَّیۡلِ وَ سَخَّرَ الشَّمۡسَ وَ الۡقَمَرَ ؕ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ اَلَا ہُوَ الۡعَزِیۡزُ الۡغَفَّارُ

অর্থ : তিনি রাতকে দিবস দ্বারা এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। আর তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেছেন, প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রেখ, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। (সূরা যুমার : ৫)

এখানে ব্যবহৃত আরবি হচ্ছে مسيقر (মুসতাকার) : যার অর্থ, ‘একটি নির্দিষ্ট স্থান’ বা ‘একটি নির্দিষ্ট সময়’। এভাবে কোরআন বলছে যে, সূর্য একটি নির্ধারিত স্থানের দিকে আবর্তন করছে যা চলতে থাকবে পূর্ব নির্ধারিত সময় পর্যন্ত। এর মর্মার্থ হল, একদিন সূর্যের অবসান ঘটবে। এ বিষয়টি অন্য আরেক জায়গায় আল্লাহ অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন–

اِذَا الشَّمۡسُ کُوِّرَتۡ

অর্থ : যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। (সূরা তাকভীর :১)