hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

৭. জীববিজ্ঞান প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়

কোরআনের নিচের আয়াতটি বিবেচনা করা যায়–

اَوَ لَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا ؕ وَ جَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤۡمِنُوۡنَ

অর্থ : কাফিররা কি দেখে না যে, আসমান ও জমিনের মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? (সূরা আম্বিয়া : ৩০)

কেবল বিজ্ঞানের অগ্রযাত্রার পরেই আমরা জানতে পেরেছি যে, জীব কোষের যে মৌলিক উপাদান, সাইটোপ্লাজম তা ৮০ ভাগ পানি দিয়ে তৈরি। আধুনিক গবেষণা আরও প্রকাশ করেছে যে, অধিকাংশ জীবেই শতকরা ৫০ ভাগ হতে শতকরা ৯০ ভাগ পানি আছে এবং প্রতিটি জীবন্ত সত্তারই অস্তিত্ব রক্ষার জন্য পানি অপরিহার্য।

প্রত্যেক প্রাণীকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে তা ১৪ শতাব্দি পূর্বে কোন মানুষের পক্ষে কি অনুমান করা সম্ভব ছিল। অধিকন্তু আরবের মরুভূমির কোলে মানুষের দ্বারা এ ধরনের অনুমান কি কল্পনাযোগ্য হতো, যেখানে সর্বদা পানির দুষ্প্রাপ্যতা ছিল।

নিচের আয়াতটি পানি দ্বারা প্রাণীর সৃষ্টি সম্পর্কে বর্ণনা করে–

وَ اللّٰہُ خَلَقَ کُلَّ دَآبَّۃٍ مِّنۡ مَّآءٍ

অর্থ : আল্লাহ প্রত্যেক প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। (সূরা নূর : ৪৫)

নিচের আয়াতটিও পানি দ্বারা মানুষের সৃষ্টি সম্পর্কে বলে–

وَ ہُوَ الَّذِیۡ خَلَقَ مِنَ الۡمَآءِ بَشَرًا فَجَعَلَہٗ نَسَبًا وَّ صِہۡرًا ؕ وَ کَانَ رَبُّکَ قَدِیۡرًا

অর্থ : তিনিই মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার প্রতিপালক সবকিছু করতে সক্ষম। (সূরা ফুরকান : ৫৪)