hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি

লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

পয়গম্বর হওয়া এবং মানুষ হওয়া এ দুটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট।

জেনে রাখা ভালো যে, কারো পয়গম্বর বা নবী-রাসূল হওয়া আর তার মানুষ না হওয়া, এটি অসম্ভব এবং অবাস্তব বিষয়। অর্থাৎ কেউ নবী বা রাসূল হবেন আর তিনি মানুষ হবেন না এটা হতেই পারেনা।

সে কারণে পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাই মানুষ ছিলেন। মানুষ যা দ্বারা তৈরী তাঁরাও তা দ্বারা তৈরী ছিলেন। অন্য কোন উপাদান দ্বারা তাঁদের সৃষ্টি করা হয়নি। তাঁদের সকলের মানুষ হওয়াও আবশ্যিক ছিল। কারণ তাঁদেরকে মানব জাতির হিদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। মহান আল্লাহ এই বিষয়টি স্পষ্ট ভাবে কুরআনে উল্লেখ করেছেন। তিনি বলেনঃ

( قُل لَو كَانَ فى الأَرضِ مَلائِكَةٌ يَمشُونَ مُطمَئِنَّين لَنزَّلنا عليهم من السَّماءِ ملَكاً رَسولاً ) الإسراء /৯৫

অনুবাদঃ (লোকেদের বলে দাও! ফেরেশতারা যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে চলা ফেরা করতো তবে আমি আকাশ হতে ফেরেশতাকেই তাদের নিকট রাসূল করে পাঠাতাম।) [সূরা ইসরা/৯৫]

বুঝা গেল, এই বিশাল পৃথিবীতে যে জাতি বসবাস করে তাদের হিদায়েতের জন্য তাদের মধ্য থেকেই কোন এক ব্যক্তিকে রাসূল করে পাঠান হয়। অন্য কোন জাতি বা অন্য কোন উপাদান দ্বারা তৈরী কোন ব্যক্তিকে রাসূল করে পাঠান হয়না। তাই আমরা মানুষ আমাদের নবীও মানুষ এবং এতেই আমাদের গর্ব।