hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি

লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

ছায়াবিহীন নবী তর্কের খাতিরে

যদি নূরী ভাইদের জিজ্ঞাসা করা হয় যে, নবীজীর ছায়া কেন ছিলনা? তাহলে উত্তর দেয়া হয়, তিনি নূরের ছিলেন বলে ছায়া হতনা। তাদের এই উত্তরকে কেন্দ্রকরে একটি প্রশ্ন করা ভালো, নূর বা জ্যোতির কি আকার-আকৃতি, চেহারা-ছবি হয়, যেমন মানুষ এবং অন্যান্য জীব-জন্তুর হয়? উত্তর হয়না। প্রকৃতপক্ষে জ্যোতির চেহারা-ছবি হয়না। যেমন লন্ঠন ও বাল্বের আলোর কোন শারিরীক আকৃতি নেই। তেমন জ্যোতির রক্ত, মাংস, হাড়-হাড্ডীও হয়না। কিন্তু আমাদের নবী তো সুন্দর চেহারা ছবির মালিক ছিলেন। সাহাবীবর্গ তাঁর সাথে সালাম-মুসাফাহা করতেন। তিনি তাঁর স্ত্রীদের সাথে মেলামেশা করতেন। যুদ্ধের সময় তরবারির আঘাতে তাঁর দাঁত ভেঙ্গে যায়। রক্ত ঝরে পড়ে। এখন বলুন, যদি নবীজী নূরের তৈরী হতেন, তাহলে কিভাবে সাহাবাবর্গ তাঁর সাথে মুসাফাহা করলেন? কি ভাবেই বা তাঁর দন্ত ভেঙ্গে গেল? কি ভাবেই বা রক্ত বের হল? কারণ নূরের তো শারিরীক আকৃতি হয়না এবং রক্ত-মাংসও হয়না।

আশা করা যায় বিষয়টি পাঠকদের নিকট পরিষ্কার হয়েছে। কিন্তু তারা আরো একটি অসাড় যুক্তি খাড়া করে বলবেঃ ভাই মানুষ মাটির তৈরী কিন্তু তার রক্ত-মাংস হাড় হয় কি হয় না? উত্তর হয়। যদি মানুষের আসল মাটি হওয়া সত্বেও তার রক্ত মাংস ও হাড় হতে পারে, তাহলে নবী (সাঃ) নূরের হলে তাঁর রক্ত-মাংস হাড়-হাড্ডি কেন হতে পারেনা? যদি কেউ এই যুক্তি পেশ করেই দেয়, তাহলে জেনে নিন সে নিজের যুক্তি নিজেই ভেঙ্গে দিল। কারণ তার কথা অনুযায়ী নবীজীর দেহ মুবারক অন্যান্য মানুষের মত রক্ত মাংসের ছিল। অতএব যেমন অন্যান্য মানুষের ছায়া হয়, তেমন তাঁরও ছায়া হত। এর পরেও যদি কেউ বুঝতে না চান তাহলে ধরে নিতে হয় সে কসম খেয়েছে যে, নবী নূরের তৈরী তাকে বলতেই হবে। দলীল প্রমাণ এবং যুক্তি সে মানেনা।