১
হাফেয ইবন কাসীরের তাফসীর থেকে সংক্ষেপিত সূরা আল-আনফালের তাফসীর
লেখকঃ শাইখ আহমদ মুহাম্মাদ শাকের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
মুমিনগণ সত্যের ওপর প্রতিষ্ঠিত রয়েছে:
ইতোপূর্বে আল্লাহ তা‘আলা দুনিয়াতে মুমিনগণের বিধান সম্পর্কে উল্লেখ করেন, এরপর পরকালে তাদের জন্য কী রয়েছে এর বর্ণনা তার সাথে সংযুক্ত করেন, আল্লাহ তা‘আলা তাদের দৃঢ় ঈমানের বিষয়টি সত্যায়ন করেন, যেমন সূরার গোড়ার দিকে তা বর্ণনা করা হয়েছে, আল্লাহ তা‘আলা তাদেরকে ক্ষমার মাধ্যমে পুরস্কৃত করবেন আর গোনাহগুলোকে উপেক্ষা করবেন যদি তা থেকে থাকে। তিনি তাদেরকে সম্মানিত রিযিক প্রদান করবেন যা সুন্দর, প্রচুর, পবিত্র, সম্মানিত, চিরস্থায়ী, যা কখনও বন্ধ হবে না, শেষ হবে না, সেগুলোতে একঘেয়েমি জনিত বিরক্তি অনুভুত হবে না, সেগুলো হবে আনন্দদায়ক এবং বহু বৈচিত্রময়তা সেগুলোর মধ্যে পরিলক্ষিত হবে। এরপর আল্লাহ তা‘আলা উল্লেখ করেন যে, দুনিয়ায় তাদের অনুসারীরা যারা তাদের ঈমানের অনুসরণ করেছিল এবং সৎ কর্ম করেছিল আখিরাতেও তারা তাদের সাথে থাকবে। যেমন, আল্লাহ তা‘আলা বলেন, وَالسَّابِقُونَ الأوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأنْهَارُ “মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রণী আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্মে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট, তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ১০০] তিনি বলেন, ﴿وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ ١٠ ﴾ [ الحشر : ١٠ ] “যারা তাদের পরে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু”। [সূরা আল-হাশর, আয়াত: ১০] মুত্তাফাকুন আলাইহি-এর হাদীস বরং বিভিন্ন বিশুদ্ধ সূত্র থেকে তা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে (এরূপ হাদীস), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, «الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ» ‘ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে’। [সহীহ বুখারী, হাদীস নং ৬১৬৮; সহীহ মুসলিম, হাদীস নং ২৬৪০। অপর এক হাদীসে এসেছে, «ومن أحب قوماً فهو منهم» “যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসবে সে তাদেরই দলভুক্ত”। অপর এ বর্ণনায় রয়েছে, «حشر معهم» “তাদের সাথে সে পুনরুত্থিত হবে”।]