১
হাফেয ইবন কাসীরের তাফসীর থেকে সংক্ষেপিত সূরা আল-আনফালের তাফসীর
লেখকঃ শাইখ আহমদ মুহাম্মাদ শাকের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
মুমিনগণের আমলসমূহের বর্ণনা:
আল্লাহ তা‘আলার বাণী: الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ “তারা সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে” ইতোপূর্বে মুমিনদের ঈমান ও আক্বীদার কথা বর্ণনার পর আল্লাহ তা‘আলা তাদের আমলসমূহ সম্পর্কে অবহিত করছেন। এ সব আমল সর্বপ্রকার কল্যাণকে শামিল করে। অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করা যা আল্লাহ তা‘আলারই হক। কাতাদা রহ. বলেন, সালাত প্রতিষ্ঠা হচ্ছে, সালাত সঠিক সময়ে আদায় করা, এর জন্য ভালোভাবে অযু করা, রুকু-সাজদাহ সঠিকভাবে আদায় করা। মুকাতিল ইবন হাইইয়ান রহ. বলেন, সালাত প্রতিষ্ঠা হচ্ছে, সঠিক সময়ে তা আদায় করা, সুচারুরূপে এর জন্য পবিত্রতা অর্জন করা, পূর্ণরূপে রুকু-সাজদাহ করা, এতে কুরআন তিলাওয়াত করা, তাশাহহুদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করা, এ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ তা‘আলা তাদেরকে যে রিযিক দান করেছেন তা থেকে ব্যয় করার মাঝে যাকাত প্রদান করা এবং বান্দার সকল হক আদায় করা চাই তা ওয়াজিব হোক অথবা মুস্তাহাব, আল্লাহ তা‘আলার সকল সৃষ্টি তাঁর পোষ্য বা পরিবার, আল্লাহ তা‘আলার নিকট সবচেয়ে বেশি প্রিয় সৃষ্টি সেই যে তাঁর সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি উপকার করে। কাতাদাহ রহ. আল্লাহ তা‘আলার বাণী: وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ “আর তাদের যা রিযিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে” সম্পর্কে বলেন, হে আদম সন্তান আল্লাহ তা‘আলা তোমাদের যে রিযিক দিয়েছে তা থেকে তোমরা ব্যয় কর। কারণ, এ সম্পদ তোমাদের নিকট আমানত অচিরেই তোমরা তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।