hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

আখলাকে হামীদাহ বা সচ্চরিত্রের গুরুত্ব

ভালো ছাত্র-ছাত্রী মানেই সচ্চরিত্রের অধিকারী। ইসলামে সচ্চরিত্রের গুরুত্ব সর্বাধিক। চরিত্রহীন মানুষ পশুর চেয়েও অধম। সচ্চরিত্র এমন এক সম্পদ যা ছাত্র-ছাত্রীদেরকে সকলের কাছে প্রিয় করে তুলে। কাজেই তারা পড়ালেখার পাশাপাশি পুরো জীবনব্যবস্থার মাঝেই উত্তম চরিত্রের প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে। ইসলামী জীবনাচার, আদব-কায়দা ও শিষ্টাচার সকলের জীবনে বাস্তবায়িত করতে হবে। যে ব্যক্তি নিজের লেনদেন ও কাজ-কারবারে সত্যবাদী ও বিশ্বস্ত, ওয়াদা পালন করে, মানুষকে ধোঁকা দেয় না, আমানতের খেয়ানত করে না, মানুষের হক নষ্ট করে না, যাবতীয় অবৈধ রোজগার থেকে নিজেকে রক্ষা করে চলে এবং দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে সদা সচেতন থাকে সে-ই হল প্রকৃত মুসলমান। সে-ই সবচেয়ে ভালো মুসলমান, যার স্বভাব তার পরিবারের কাছে ভালো বলে বিবেচিত।

প্রত্যেক ব্যক্তি তার উন্নতিতে সাহায্য পাবে তার চরিত্র অনুসারে। সচ্চরিত্র উন্নত জাতির জীবনীশক্তি। যে জাতির চরিত্র যত সুন্দর সে জাতি তত শক্তিশালী। সকল নবীই নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। আর শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা‘আলা পাঠিয়েছেন উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন-

اِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلاَقِ

‘‘আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।’’ (বায়হাকী হা/২০৫৭১)

আদর্শের প্রতীক মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর আদর্শ অনুযায়ী জীবন গঠন করলে দুনিয়ার অঙ্গনে যেমন সম্মান পাওয়া যায় তেমনি আখেরাতেও আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বিরাট পুরস্কার ও মর্যাদা পাওয়া যাবে। সর্বক্ষেত্রে নবীর অনুসরণ যত বেশি হবে মর্যাদা তত বেশি বাড়বে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘মু’মিনের আমলের পাল্লায় কিয়ামতের দিন সবচেয়ে ভারী জিনিস হবে তার সচ্চরিত্র’’। (তিরমিযী হা/২০০২)

পরিপূর্ণভাবে সচ্চরিত্রের অধিকারী হওয়া প্রত্যেক মুসলমানের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তাওফীক দান করুন। আমীন!