hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

নামায পড়ার সংক্ষিপ্ত নিয়ম

নামাযের নিয়তে পবিত্র স্থানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কানের লতি বা কাঁধ বরাবর হাত উঠায়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। অতঃপর ছানা পড়ে اَعُوْذُبِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم (আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইতা-নির রাজীম) এবং بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ (বিসমিল্লা-হির রাহ্মা-নির রাহীম পড়বে। অতঃপর সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা বা কিছু আয়াত পড়বে। কিরাআত শেষ করার পর ‘আল্লাহু আকবার’ বলে রুকুতে যাবে। রুকুর তাসবীহ পড়ে سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه (সামি‘আল্লাহু লিমান হামিদাহ) বলে রুকু থেকে সোজা হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে (রাববানা ওয়ালাকাল হামদু হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহ্) বলার পর ‘আল্লাহু আকবার’ বলে সিজদায় যাবে। সিজদার তাসবীহ পড়ে ‘আল্লাহু আকবার’ বলে বসবে, স্থির হয়ে বসে দুই সিজদার মধ্যখানের দু‘আ পড়ে দ্বিতীয় সিজদা করে দাঁড়িয়ে যাবে। এরপর পূর্বের নিয়ম অনুযায়ী দ্বিতীয় রাকআত আদায় করার পর বসে তাশাহহুদ পড়বে, তারপর দরূদে ইব্রাহীম ও দু‘আয়ে মাছুরা পড়ে সালাম ফিরায়ে নামায শেষ করবে।

তিন বা চার রাকআত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর ‘আল্লাহু আকবার’ বলে দাঁড়িয়ে বাকী নামায নিয়মানুসারে আদায় করবে।

মসজিদের আদব

জামাআতে নামায পড়ার জন্য মসজিদে যাতায়াত করা মু’মিনের বিশেষ গুণ। যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে আল্লাহ তা‘আলা হাশরের দিন তাঁর আরশের ছায়ায় স্থান দিবেন। (বুখারী হা/৬০৬)

মসজিদের কিছু আদব রয়েছে, তা হল :

 মসজিদে প্রবেশ করার এবং বের হওয়ার দু‘আ পাঠ করা।

 মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা দিয়ে প্রবেশ করা।

 মসজিদে প্রবেশ করে বসার আগে দু’রাকআত ‘তাহিয়্যাতুল মসজিদ’ -এর নামায পড়া।

 মসজিদের ভিতর আমলে মশগুল থাকা।

 মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা দিয়ে বের হওয়া এবং ডান পায়ে আগে জুতা পরা।