hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

শিক্ষার উদ্দেশ্য

১. শিক্ষার উদ্দেশ্য হল- চরিত্র গঠন, সুন্দর জীবনের জন্য প্রস্তুতি এবং ভালো দেহ ও ভালো মন গড়ে তোলা।

২. শিক্ষার্থীদের মধ্যে মানবতাবোধ সৃষ্টি করা এবং তাদেরকে মানবতার কল্যাণে উদ্বুদ্ধ করা।

৩. শিক্ষার্থীদের মধ্যে আল্লাহর দাস ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের প্রেরণা ও যোগ্যতা সৃষ্টি করা।

৪. শিক্ষার্থীদের মধ্যে বলিষ্ঠ নৈতিকতা ও চেতনা জাগ্রত করা।

৫. সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য যথাযোগ্য নেতৃত্ব সৃষ্টি করা।

৬. আল্লামা ইকবালের মতে, শিক্ষার উদ্দেশ্য হল পূর্ণাঙ্গ মুসলিম তৈরি করা।

জ্ঞানের মূল উৎস আলস্নাহ তা‘আলা

মানুষ ও বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহই সমস্ত জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস। কুরআন মাজীদে আল্লাহ তা‘আলা বলেন-

قُلْ إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللهِ

‘‘তুমি বলো! সমস্ত জ্ঞানই আল্লাহর নিকট রয়েছে।’’ (সূরা মুলক- ২৬)

وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهٖ إِلَّا بِمَا شَآءَ

‘‘তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তাঁর জ্ঞানসমুদ্র হতে কেউ কিছুই আয়ত্ত করতে পারে না।’’ (সূরা বাকারাহ- ২৫৫)

আল্লাহর পক্ষ থেকে মানুষের জ্ঞান লাভের মাধ্যম হল ওহী। আল্লাহ তা‘আলা যুগে যুগে বিভিন্ন জাতির মধ্য হতে কিছু ব্যক্তিকে নবী ও রাসূল নিযুক্ত করে তাদের কাছে তিনি প্রকৃত জ্ঞান অবতীর্ণ করেন। সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট তিনি মানবতার মুক্তির জন্য পরিপূর্ণ জ্ঞান অবতীর্ণ করেছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তা‘আলা নিজেই গ্রহণ করেছেন। কুরআন এবং হাদীসের মধ্যে এসব জ্ঞান সংরক্ষিত রয়েছে।