hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

কেউ আপনার নিকট সদকা নিতে আসলে আপনি তাকে যথাসাধ্য সন্তুষ্ট রাখতে চেষ্টা করবেন:

জারীর ইবন আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদা কিছু গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো: হে আল্লাহর রাসূল! কিছু সংখ্যক সদকা উসুলকারী আমাদের উপর যুলুম করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন: তোমরা সদকা উসুলকারীদেরকে সন্তুষ্ট রাখবে। তারা বললো: হে আল্লাহর রাসূল! যদিও তারা আমাদের উপর যুলুম করে তারপরও আমরা তাদেরকে সন্তুষ্ট রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন:

«أَرْضُوْا مُصَدِّقِيْكُمْ وَفِيْ رِوَايَةٍ : وَإِنْ ظُلِمْتُمْ»

“তোমরা সদকা উসুলকারীদেরকে সন্তুষ্ট রাখবে। অন্য বর্ণনায় রয়েছে, যদিও তোমাদের উপর যুলুম করা হয়”। [সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৯; সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৮৯]

অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِذَا أَتَاكُمُ الـْمُصَدِّقُ فَلْيَصْدُرْ عَنْكُمْ وَهُوَ عَنْكُمْ رَاضٍ»

“যখন তোমাদের নিকট কোনো সদকা উসুলকারী আসে তখন সে যেন তোমাদের কাছ থেকে সন্তুষ্ট চিত্তেই বিদায় নেয়”। [সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৯]

জারীর ইবন আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত হাদীস শোনার পর কোনো সদকা উসুলকারী আমার উপর সন্তুষ্ট না হয়ে বিদায় নেয়নি।