hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

যা সদকা-খয়রাত করা হয় তাই আসল সম্পদ:

‘আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একটি ছাগল যবেহ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَا بَقِيَ مِنْهَا ؟ قَالَتْ : مَا بَقِيَ مِنْهَا إِلاَّ كَتِفُهَا، قَالَ : بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»

“ছাগলের আর কতটুকু বাকি আছে? ‘আয়িশা বললেন, শুধু সামনের রানটিই বাকি আছে। আর অন্য সবগুলো সদকা করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শুধু রানটি ছাড়াই তো আর সব কিছুই বাকি আছে”। [সুনান তিরমিযী, হাদীস নং ২৪৭০]

আব্দুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟ قَالُوْا : يَا رَسُوْلَ اللهِ ! مَا مِنَّا أَحَدٌ إِلاَّ مَالُهُ أَحَبُّ إِلَيْهِ، قَالَ : فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ»

“তোমাদের মধ্যে এমন কে আছে যার ওয়ারিশের সম্পদ তার নিকট অধিক প্রিয় তার সম্পদের চাইতেও? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের সবার নিকটই তো তার নিজের সম্পদই বেশি পছন্দনীয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তার সম্পদ তো শুধু তাইই যা সে সদকা-খয়রাত করে পরকালের জন্য আগেই পাঠিয়ে দিয়েছে। আর সে যা রেখে যাচ্ছে তা সবই তো তার ওয়ারিশের সম্পদ”। [সহীহ বুখারী, হাদীস নং ৬৪৪২]

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«يَقُوْلُ الْعَبْدُ : مَالِيْ مَالِيْ، وَإِنَّمَا لَهُ مِنْ مَالِهِ ثَلاَثٌ : مَا أَكَـلَ فَأَفْنَى، أَوْ لَبِسَ فَأَبْلَى، أَوْ أَعْطَى فَاقْتَنَى، وَمَا سِوَى ذَلِكَ فَهُوَ ذَاهِبٌ وَتَارِكُهُ لِلنَّاسِ»

“প্রতিটি আল্লাহর বান্দাহ্ই বলেঃ আমার সম্পদ, আমার সম্পদ; অথচ সকল সম্পদই তার নয়। তার সম্পদ শুধু তিন ধরনের। যা খেয়ে সে নিঃশেষ করেছে। যা পরে সে পুরাতন করে ফেলেছে এবং যা সে আল্লাহর পথে দান করে পরকালের জন্য সংগ্রহ করেছে। এ ছাড়া আর বাকি যা রয়েছে তা সবই তার মৃত্যুর পর সে অন্য মানুষের জন্যই রেখে যাবে”। [সহীহ মুসলিম, হাদীস নং ২৯৫৯]