hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

আল্লাহর সিফাতসমূহের প্রকার:

আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার দিক বিবেচনায় আল্লাহ তা‘আলার সিফাতসমূহ একাধিক ভাগে বিভক্ত:

এক- সত্তাগত সিফাত। এ ধরণের সিফাতগুলো তার পবিত্র সত্বা বা অস্তিত্বের সাথে সম্পৃক্ত। যেমন, জীবন, শ্রবণ, দর্শন, ইলম, কুদরত, ইচ্ছা, হিকমত, শক্তি ইত্যাদি। এ ধরণের সিফাতগুলো আল্লাহর সত্বা থেকে পৃথক হয় না বা পৃথক হওয়ার কথা চিন্তা করা যায় না।

দুই- কর্মগত সিফাত। এ ধরণের সিফাতগুলো আল্লাহর ইচ্ছা ও হিকমতের সাথে সম্পৃক্ত। তিনি তার মহা হিকমতের চাহিদা অনুযায়ী যখন চান, যেভাবে চান তা বাস্তবায়ন করেন। যেমন, উপরে উঠা, অবতরণ, মহব্বত, শত্রুতা, খুশি হওয়া, আশ্চর্য হওয়া, হাসা, আসা ইত্যাদি সিফাত, যেগুলোর বর্ণনা কুরআনে অথবা বিশুদ্ধ হাদীসে এসেছে।

এ ধরণের কতক সিফাতকে সত্বা বা অস্তিত্বের ও কর্মের সিফাত বলা যায়। যেমন কালাম বা কথা বলার গুণ বা সিফাত। মূল সিফাতের বিবেচনায় এ সিফাতটি স্বত্তাগত আবার একক ও অংশের দিক বিবেচনায় এটি কর্মগত সিফাত। (অর্থাৎ একক কোনো কোনো কথা ও বিশেষ কথা সময় ও অবস্থা অনুসারে হয়ে থাকে।) অথবা এটা বলা যাবে যে, এ ধরণের সিফাতের ধরণ কাদীম বা সর্বপ্রাচীন। কিন্তু তার কোনো কোনোটি পরবর্তীতে সংঘটিত হয়।

আবার কতক সিফাতকে খবরীয়্যাহ বলা হয়। আর তা হলো ঐ সব সিফাত যে গুলো প্রমাণিত হওয়ার একমাত্র উপায় শুধু (আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত) সংবাদ, বিবেক নয়। যেমন, চেহারা, দুই হাত, দুই চোখ, পা ইত্যাদি সিফাত যে গুলো সম্পর্কে বিশুদ্ধ সংবাদ রয়েছে।