hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অনুবাদকের ভূমিকা

ইসলামী আকীদা ও বিশ্বাস সম্পর্কে জ্ঞান থাকা একজন মুসলিমের জন্য খুবই জরুরী। নাবীদের ও তার উত্তরসূরিদের দা‘ওয়াতের লক্ষ্যই ছিল মানুষকে আল্লাহ সম্পর্কে, তার রাসূলদের সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করা। আল্লাহ ও তার রাসূলদের সত্তা ও গুণাগুণ এবং আল্লাহর নামসমূহের ও সিফাতসমূহের জ্ঞান থাকা এবং আখিরাত দিবসের প্রতি জ্ঞান থাকা ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়গুলো মানবজাতির সামনে তুলে ধরার জন্য যারা যে ভাবে কাজ করেছেন ইতিহাসে তারাই ধন্য। কুরআন ও হাদীসের আলোকে সহজ সাবলীল ভাষায় ইসলামী আকীদাগুলো মানুষের নিকট পৌঁছে দেওয়া একটি মৌলিক কর্ম। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক বাড়াবাড়ি ছিল। ফলে বিভিন্ন সময় বিভিন্ন ফিরকা, দল, উপদল ও বিভক্তি তৈরি হয়েছে। অনেকেই বাড়াবাড়ি করতে গিয়ে গোমরাহ হয়েছে এবং সত্য বিমুখ ও বিচ্যুত হয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের বৈশিষ্ট্য হলো, কুরআন ও হাদীস থেকে সাহাবীগণের অনুকরণে ঈমান ও আকীদাকে গ্রহণ করা। ইসলামী আকীদা গ্রহণ করা ও জানার ক্ষেত্রে কুরআন হাদীস নির্ভর হওয়াই তাদের অন্যতম বৈশিষ্ট্য।

কুরআন হাদীস অনুযায়ী বিশুদ্ধ আকীদা ও ঈমানের রুকনগুলো অনেকেই আলোচনা করেছেন। তবে শাইখ আহমদ ইবন আব্দুর রহমান আল-কাযী ইসলামী আকীদা ও ঈমানের বিষয়গুলো হাদীসে জিবরীলের তারতীবে যেভাবে ধারাবাহিক আলোচনা করেছেন তার কোনো তুলনা হয় না। কুরআন ও হাদীস থেকে ঈমানের বিষয়গুলো শিক্ষা করার বিষয়ে এ ধরণের একটি বই পাওয়া খুবই দুর্লভ। বইটি মূলত: আরবী ভাষায় রচিত। তবে বইটির বিষয় বস্তুগুলো বাংলা ভাষাভাষি ভাইদের জন্য খুবই জরুরি। বিষয়গুলো জানা না থাকলে ঈমান পরিপূর্ণ হয় না। এ কারণে ইসলামী আকীদার বিষয়গুলো বাংলা ভাষা-ভাষি ভাই বোনদের জন্য তুলে ধরার লক্ষ্যে বইটি অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করি। সহজ ও সাবলিল ভাষায় বইটি অনুবাদ করে বিষয় বস্তুগুলোকে ফুটে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করি। আশা করি এ বইটি পড়ে ইসলামী আকীদা ও ঈমানের বিষয়গুলো শিখা ও শেখানো মুসলিম ভাই বোনদের জন্য সহজ হবে।

অনুবাদক

জাকেরুল্লাহ আবুল খায়ের