hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

আকীদার সম্পূরক বিষয়সমূহ

এক- ভালো কাজের আদেশ ও মন্দ কর্ম থেকে নিষেধ করা। মহান আল্লাহ বলেন:

﴿وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٤﴾ [ ال عمران : ١٠٤ ]

“আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম”। [সূরা আলে ইমরান, আয়াত: ১০৪]

দুই- ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে স্বচেষ্ট হওয়া এবং মতবিরোধ ও দলাদলিকে প্রত্যাখ্যান করা এবং জামা‘আত ও জুম‘আর হিফাযত করা। মহান আল্লাহ বলেন:

﴿وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا وَكُنتُمۡ عَلَىٰ شَفَا حُفۡرَةٖ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنۡهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٠٣﴾ [ ال عمران : ١٠٣ ]

“আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও”। [সূরা আলে ইমরান, আয়াত: ১০৩]

মহান আল্লাহ বলেন:

﴿وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ١٠٥﴾ [ ال عمران : ١٠٥ ]

“আর তোমরা তাদের মতো হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব”। [সূরা আলে ইমরান, আয়াত: ১০৫]

মহান আল্লাহ বলেন:

﴿أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ ١٣﴾ [ الشورى : ١٣ ]

“তোমরা দীন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না”। [সূরা আশ-শূরা, আয়াত: ১৩]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

«المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضاً» وشبَّك بين أصابعه» .

“একজন মুমিন অপর মুমিনের জন্য প্রাসাদের মত তার একটি অংশ অপর অংশকে শক্তিশালী করে। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে প্রবেশ করান”। [সহীহ বুখারী, হাদীস নং ৪৮১; সহীহ মুসলিম, হাদীস নং ২৫৮৫]

তিন- উন্নত চরিত্র ও সুন্দর আমলসমূহ: যেমন, ধৈর্য, সাহস, সহ্য, বিনয়, ক্ষমা, দয়া ইত্যাদি অবলম্বন করা ও এ সবের বিপরীত গুণ ছেড়ে দেওয়া। মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করা, আত্মীয়তা বজায় রাখা, প্রতিবেশির সাথে ভালো ব্যবহার করা, মিসকীন, মুসাফির ও ইয়াতীমদের প্রতি দয়া করা।