hadith book logo

অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ

লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

ষষ্ঠ অধ্যায়: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিরোধী নেতাদের তাঁর সাথে সদাচরণ

বিগত অধ্যায়ে আমরা অমুসলিমদের প্রতি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ ও বদান্যতা সম্পর্কে জানতে পেরেছি এবং যারা তাঁর ওপর অধিকহারে নির্যাতন করেছিল তাদের প্রতি তার দূর্লভ সদাচরণ সম্পর্কেও অবহিত হয়েছি। মক্কা, তায়েফ ও অন্য যে সকল সম্প্রদায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক কষ্ট দিয়েছিল। তাদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণের যে বর্ণনা আমরা পেয়েছি তা যদি হয় বিরল, দূর্লভ ও ইতিহাসের পাতায় দুষ্প্রাপ্য; তাহলে এখন আমরা যে অধ্যায়ের অবতারণা করবো মানবেতিহাসে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া হবে একেবারেই অসম্ভব, অকল্পনীয়।

এ অধ্যায়ে আমরা ঐ সকল শত্রু নেতাদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণ সম্পর্কে আলোচনা করব যারা বছরের পর বছর তাঁর বিরোধিতা করেছিল ও তাঁর মুকাবেলায় যুদ্ধ করেছিল। যারা ইসলাম ও মুসলিমদেরকে ভূ-পৃষ্ঠ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব সময় দল পাকাতো এবং অবিরাম চেষ্টায় লেগে থাকতো, যারা শুধু নিজেরা ষড়যন্ত্র ও যুলুম-অত্যাচার করেই ক্ষ্যান্ত হতো না; বরং অন্যদেরকেও সেজন্য উদ্ভুদ্ধ করতো, যারা ভ্রষ্টতা ও গোমরাহীর মূল হোতা এবং অপরাধ জগতের গডফাদার। শুধু তাই নয় যারা স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের জন্য অভিযানের পর অভিযান পরিচালনা করেছিল। এত কিছুর পরও তাদের প্রতি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোনো ধরণের হিংসা, বিদ্বেষ বা শত্রুতাভাবের উদয় হয় নি এবং তার সু-নির্দিষ্ট সদাচরণ-নীতি বা স্বভাবসুলভ নম্রতারও বিচ্যুতি ঘটে নি।

এ অধ্যায়কে আমরা দু’টি পরিচ্ছেদে বিভক্ত করবো।

প্রথম পরিচ্ছেদ: মক্কার শত্রু-নেতাদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণ।

দ্বিতীয় পরিচ্ছেদ: অন্যান্য গোত্রের শত্রু-নেতাদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণ।