hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ক. নির্ভরযোগ্যতা

ইসলামী মিডিয়া একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য মাধ্যম। যেহেতু ইসলামী মিডিয়া মূলত ইসলামী ধ্যান-ধারণা ও আকীদা-বিশ্বাস লালন করার ক্ষেত্রে অটল-অবিচল থাকে। এ মাধ্যম মানুষের জন্য হেদায়াতের আলোকবর্তিকা, আকীদাগত বিভিন্ন সমস্যার সমাধান ও ইসলামী শরী‘আহর অনুসরণের দিকে উদ্বুদ্ধ করতে প্রচেষ্টা চালায়। আর এগুলোর দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং ব্যক্তি ও সমাজে ব্যক্তিত্ব প্রতিষ্ঠা মানব হৃদয়ে দৃঢ়মূল হয়। [. ড. ইব্রাহিম ইমাম, উসূলুল ইলামিল ইসলামী, কায়রো : দারুল ফিকর আল-আরাবী, ১৯৮৫ খ্রি. পৃ. ৪৬।]

জনসাধারণের নিকট যে কোনো ধরনের সংবাদ, তথ্য-প্রমান, প্রামাণ্য চিত্র, প্রতিবেদন, বিশ্বাসযোগ্য করে তুলতে ইসলামী মিডিয়াকে অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেতে হয়। আর এর জন্য প্রয়োজন হলো উপর্যুক্ত বিষয়াদি যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণ করতঃ উপস্থাপন করা। তাহলে মিডিয়া পর্যায়ক্রমে মানুষের কাছে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রূপলাভ করবে। এক্ষেত্রে ইসলামী মিডিয়াকে সর্বাগ্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্বীকৃতি পেতে সচেষ্ট হতে হয়। কেননা এটি একটি মিশনারী কার্যক্রম। যা নবী-রাসূলগণ যুগে যুগে সমকালীন ব্যবস্থাপনার সাহায্যে করেছেন। আজকাল তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগে আমাদেরকে আধুনিক গণমাধ্যম তথা ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে নির্ভুল ও সঠিক তথ্য উপস্থাপন করে ইসলামী মিডিয়াকে আরো সামনের দিকে এগিয়ে নেয়া আবশ্যক।