hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

ষোল. সঠিক ও নির্ভুল সংবাদ পরিবেশনা

সংবাদ পরিবেশন মিডিয়ার গুরুত্বপূর্ণ কাজ। বিশ্বের কখন, কোথায়, কী ঘটছে তা নিমিষেই মহাকাশ চ্যানেলের সাহায্যে আমরা দেখতে পাই ও জানতে পারি। কিন্তু আজকাল মিডিয়াতে যে ধরনের খবর পরিবেশিত হয়, তার সত্যতা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। ফলে সংবাদ সম্পর্কে মানুষের আগ্রহ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এসব হলুদ সাংবাদিকতার দৌরাত্নের কারণেই হয়। ইসলামী মিডিয়াকে সেসব মিথ্যা, ভূয়া ও ভুল তথ্যপূর্ণ সংবাদ সরবরাহ হতে বিরত থাকতে হবে। সত্য সংবাদ ব্যতীত এ মাধ্যম কোনো সংবাদ পরিবেশন করবে না। কারণ এটি নিছক মিডিয়া নয়। বরং, এর অন্যতম কাজ হলো ইসলাম প্রচার। ফলে জনসাধারণের কাছে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য থাকতে হলে নির্ভুল ও সঠিক সংবাদ পরিবশেনের কোন বিকল্প নেই। অন্যথায় এ মাধ্যমে ইসলাম প্রচার অভিযান নিস্ফলই থেকে যাবে। মহান আল্লাহ্‌ বলেন-

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٖ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَٰلَةٖ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَٰدِمِينَ ٦ ﴾ [ الحجرات : ٦ ]

‘‘হে ঈমানদারগণ! যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ, এ আশঙ্কায় যে, অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে।’’ [.সূরা হুজরাত : ৬।]

অন্যত্র এসেছে,

﴿ فَسۡ‍َٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ٧ ﴾ [ الانبياء : ٧ ]

‘‘সুতরাং যদি তোমরা না জান তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর।’’ [.সূরা আল্-আম্বিয়া : ৭।]

অতএব, সঠিকভাবে না জেনে না বুঝে কোন কিছু পরিবেশন করা ইসলামী মিডিয়ার জন্য অনুচিত।