hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

ঘ. বাস্তবধর্মী

মিডিয়া বাস্তবতা উপেক্ষা করতে পারে না। বাস্তবতার নিরিখেই এটি তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে।

বাস্তবধর্মী বলতে বাস্তবিক অর্থে যেসব কাজ সংগঠিত হয় শুধু তাকে বুঝায় না বরং আল্লাহ্‌ প্রদত্ত বিধান অনুসরণে মানুষের যে সহজাত প্রকৃতি রয়েছে তা গঠনে বাচনিক ও কার্যগত প্রচেষ্টা চালানোকে বুঝায়। [.ড. মুহাম্মদ কামাল উদ্দীন ইমাম, আন-নাজরাতুল ইসলামিয়া লিল ‘ইলাম, কুয়েত : দারুল বহস আল ইসলামিয়া, ২য় সংস্করণ, ১৯৮৩ খ্রি., পৃ. ১৬৩।]

আর দীন হলো আল্লাহ্‌র ফিতরাত বা সৃষ্টি যা পরির্তনশীল নয়, স্থায়ী ব্যবস্থা যেটি হলো ইসলাম। সাহাবীগণ রাদিয়াল্লাহু ‘আনহুম তাঁদের জীবনের সর্বক্ষেত্রে এর নির্দেশনা হতে বিচ্যুত হন নি। শুধু তাই নয়, অন্যদেরকেও এ দীন গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। এমনকি শেষ পর্যন্ত এ মহতি কাজকে ইসলামী সমাজের জন্য ফরজে আইন হিসেবে সাব্যস্ত করেছেন। [.প্রাগুক্ত।]

ইসলামী মিডিয়া ইসলামের শিক্ষা, মূল্যবোধ, সংশোধন নীতি, প্রতিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে উম্মাহর সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ্‌ প্রদত্ত বিধান অনুযায়ী মানুষের মাঝে বিচার-ফয়সালা করার জন্য মানুষকে উৎসাহ যুগিয়ে থাকে। অতএব, মানব জীবনে মিডিয়া এক তৎপরতার নাম। আল্লাহ্‌ বলেন-

﴿وَأَنِ ٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن يَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَۖ فَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمۡ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ ٤٩ أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ ٥٠ ﴾ [ المائ‍دة : ٤٨، ٥٠ ]

‘‘আর আপনি আল্লাহ্‌ যা নাযিল করেছেন সে অনুযায়ী বিচার নিষ্পত্তি করুন ও তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না এবং তাদের ব্যাপারে সতর্ক হোন, যাতে আল্লাহ্‌ আপনার প্রতি যা নাযিল করেছেন তারা এর কোন কিছু হতে আপনাকে বিচ্যুত না করে। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখুন যে, আল্লাহ্‌ তাদেরকে কেবল তাদের কোনো কোনো পাপের জন্য শাস্তি দিতে চান। আর নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই তো ফাসেক। তবে কি তারা জাহেলিয়াতের বিধি-বিধান কামনা করে? আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহ্‌র চেয়ে আর কে শ্রেষ্ঠতর?’’ [.সূরা আল্-মায়েদা : ৪৯, ৫০।]

এছাড়াও পবিত্র কুরআনে প্রবৃত্তির অনুসরণকে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসার নামান্তর বলে উলেখ করা হয়েছে। মহান আল্লাহ্‌ বলেন,

﴿وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ﴾ [ المؤمنون : ٧١ ]

‘‘আর হক্ক যদি তাদের কামনা-বাসনার অনুগামী হত তবে বিশৃংখল হয়ে পড়ত আসমানসমূহ ও যমীন এবং এগুলোতে যা কিছু আছে সবকিছুই।’’ [.সূরা আল্-মু’মিনূন : ২৩।]

অতএব, আলোচ্য আয়াতে প্রবৃত্তির অনুসরণ করত কোনো বাস্তবধর্মী কর্মের অনুসরণকে নিরুৎসাহিত করা হয়েছে। কেননা ইসলামী শরী‘আহ প্রবৃত্তির অনুসরণ থেকে ইসলামের অনুসরণ করতে উদ্বুদ্ধ করার জন্য প্রবর্তিত হয়েছে। এ মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ্‌ বলেন,

﴿الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صراط العزيز الحميد ١ ﴾ [ ابراهيم : ١ ]

‘‘আলিফ-লাম্-রা, এ কিতাব, আমরা এটা আপনার প্রতি নাযিল করেছি যাতে আপনি মানুষদেরকে তাদের রবের অনুমতিক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে, পরাক্রমশালী, সর্ব প্রশংসিতের পথের দিকে।’’ [.সূরা ইবরাহীম : ১।]

এছাড়াও মানুষের উপকার ও ক্ষতি এটি অধিকাংশ সময় আনুষঙ্গিক; বাস্তব নয়। কেননা এমন কাজ অনেক আছে যা কখনও উপকারে আসে; আবার অন্য সময় সেটি ক্ষতিতে পরিণত হয়। আবার যা কারো জন্য উপকারের বিষয় তা অন্যের জন্য ক্ষতির কারণও হতে পারে।