hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

পনের. স্রষ্টার সাথে সৃষ্টির সম্পৃক্ততা

কমিউনিষ্টরা বিশ্বের কোন স্রষ্টা আছে বলে স্বীকার করে না। তারা দীনের ব্যাপারেও যোজন-যোজন দূরে অবস্থান করে। অথচ মানুষের স্বভাবজাত প্রকৃতিই প্রকৃত স্রষ্টার সাথে সৃষ্টির কী সম্পর্ক তা নিরূপন করে দেয়। ফলে গীর্জার প্রভাবে বস্তুবাদী চিন্তার অধিকারী মানুষেরা যেসব কিছুকে ইলাহ মনে করে সুস্থ মস্তিস্ক তা গ্রহণ করে না। অতএব, মানুষ তাদের স্রষ্টার সাথে সম্বন্ধযুক্ত হতে মুখাপেক্ষী। মুসলিমগণও দুর্বল ঈমানের কারণে এ সম্পর্কে ভুলে গেছে। স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন এটা মানব প্রকৃতির দাবী। প্রত্যেক জাতি ও গোত্রের জন্য যুগের পরিক্রমায় আকীদা ও দীন থাকে। যদিও তাদের চিন্তা ও ধ্যান-ধারণায় বৈপরিত্য থাকুক, আর অসংখ্য ইলাহে বিশ্বাসী হোক। স্রষ্টা সম্পর্কে বিশ্বাস পোষণেই আলোচ্য প্রশ্নগুলোর জবাব পাওয়া যায়। কুরআনে এসেছে,

﴿ أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ ٣٥ أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ ٣٦ ﴾ [ الطور : ٣٥، ٣٦ ]

‘‘তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? নাকি তারা আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না।’’ [.সূরা তূর : ৩৫-৩৬।]

মুশরিকরাও আলোচ্য প্রশ্নের উত্তরে নিজেদের ইলাহ সম্পর্কে বক্তব্য দিয়েছে। কুরআনে এসেছে,

﴿ وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ٩ ﴾ [ الزخرف : ٩ ]

‘‘আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ‘কে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছে?’ তারা অবশ্যই বলবে, ‘এগুলো তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞই’।’’ [.সূরা যুখরুফ : ৯।]