hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

ষষ্ঠতঃ সকল মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেয়া

ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি সর্বযুগের সর্বকালের মানুষের প্রতি প্রেরিত এক শাশ্বত জীবন বিধান। এ সম্পর্কে যে কোনো নির্দেশনা ও তথ্য গণমাধ্যমের সাহায্যে খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দেয়া যায়। তবে এক্ষেত্রে কারো প্রতি কোনোরূপ প্রভাব বা জোর জবরদস্তির আশ্রয় নেয়া যাবে না। মহান আল্লাহ্‌ বলেন-

﴿ لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ ٢٥٦ ﴾ [ البقرة : ٢٥٦ ]

‘‘দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই।’’ [.সূরা আল্-বাকারাহ : ২৫৬।]

ইসলামকে মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য রয়েছে বৈজ্ঞানিক কৌশল ও পদ্ধতি। এদিকে ইঙ্গিত করেই মহান আল্লাহ্‌ বলেন-

﴿ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ ١٢٥ ﴾ [ النحل : ١٢٥ ]

‘‘আপনি মানুষকে দা‘ওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করবেন উত্তম পন্থায়।’’ [. সূরা আন্-নাহল : ১২৫।]

ইসলাম কাফির-মুশরিক সবার জন্য উন্মুক্ত। এতে কোনো বিশেষ শ্রেণীকে অবজ্ঞা করার কোন সুযোগ নেই। মহান আল্লাহ্‌ বলেন-

﴿ وَإِنۡ أَحَدٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ٱسۡتَجَارَكَ فَأَجِرۡهُ حَتَّىٰ يَسۡمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبۡلِغۡهُ مَأۡمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡلَمُونَ ٦ ﴾ [ التوبة : ٦ ]

‘‘আর মুশরিকদের মধ্যে কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দিন; যাতে সে আল্লাহ্‌র বাণী শুনতে পায়, তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিন; কারণ তারা এমন এক সম্প্রদায় যারা জানে না।’’ [. সূরা আল্-তাওবা : ৬।]

উপর্যুক্ত আয়াতে মুশরিকদের নিরাপত্তা বিধান ও তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে, যেন তারা আল্লাহ্‌র বাণী শুনতে উদ্বুদ্ধ হয় এবং সুস্পষ্ট রিসালাতের বাণী তাদের কাছে পৌঁছে যায়।

কুরআনের অন্যত্র এসেছে,

﴿ ۞وَلَقَدۡ وَصَّلۡنَا لَهُمُ ٱلۡقَوۡلَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٥١ ﴾ [ القصص : ٥١ ]

‘‘আর অবশ্যই আমরা তাদের কাছে পরপর বাণী পৌঁছে দিয়েছি; যাতে তারা উপদেশ গ্রহণ করে।’’ [. সূরা আল্-কাসাস : ৫১।]

আলোচ্য আয়াতে ( وَصَّلۡنَا لَهُمُ ٱلۡقَوۡلَ ) সুস্পষ্টভাবে ইসলামী গণমাধ্যমকে বুঝিয়েছে। অর্থাৎ মহান আল্লাহ্‌র পক্ষ থেকে নাযিলকৃত কুরআনের বাণী সংশোধনের লক্ষ্যে প্রজ্ঞার সাথে অন্যের কাছে পৌঁছে দেয়া।

ইসলাম যেহেতু সকল মানুষের জন্য তাই ইসলামী মিডিয়ার আবেদনও সব মানুষের প্রতি। মহান আল্লাহ্‌ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সকল মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। তিনি বলেন-

﴿ قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا ﴾ [ الاعراف : ١٥٨ ]

‘‘বলুন, ‘হে মানুষ! নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহ্‌র রাসূল।’’ [. সূরা আল্-আরাফ : ১৫৮।]

কুরআনের অন্যত্র এসেছে,

﴿ وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٢٨ ﴾ [ سبا : ٢٨ ]

‘‘আর আমরা তো আপনাকে সমগ্র মানুষের জন্যই সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না।’’ [.সূরা সাবা : ২৮।]

মিডিয়া সব মানুষের প্রতি সমভাবে আবেদন করে থাকে। এ মিডিয়াকে ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা গেলে খুব সহজে পৃথিবীর দিগদিগন্তে ইসলামকে ছড়িয়ে দেয়া সম্ভব হবে।