hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

তৃতীয়তঃ সমাজ থেকে বিশৃংখলা দূরীকরণ

মিডিয়া স্বল্প সময়ে অতি বিস্তৃত সংবাদ পরিবেশনের মাধ্যম, সমাজের অধিকাংশ লোক কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত হয়। সমাজ জীবনে বিশৃংখল পরিবেশ বজায় থাকলে সমাজের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকে। ফলে মানুষকে অশান্ত ও অস্থিতিশীল এক সমাজে বাস করতে হয়। আর এর মাধ্যমে যাবতীয় সুখ-শান্তি বিদূরীত হয়। মিডিয়া এ ব্যাপারে খুব সহজেই জনগণকে সচেতন করে তুলতে পারে এবং শান্তি ও কল্যাণকর এক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতএব, সমাজ নিরাপদ ও স্থিতিশীল হয়। এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে গিয়ে মহান আল্লাহ্‌ বলেন-

﴿ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ٨٢﴾ [ الانعام : ٨٢ ]

‘‘যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম (শির্ক) দ্বারা কলুষিত করে নি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়াত প্রাপ্ত।’’ [. সূরা আল্-আনআম : ৮২।]

কুরআনের অন্যত্র এসেছে,

﴿هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِي قُلُوبِ ٱلۡمُؤۡمِنِينَ لِيَزۡدَادُوٓاْ إِيمَٰنٗا مَّعَ إِيمَٰنِهِمۡۗ ٤﴾ [ الفتح : ٤ ]

‘‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছেন যেন তারা তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি করে নেয়। আর আসমানসমূহ ও যমীনের বাহিনীসমূহ আল্লাহ্‌রই এবং আল্লাহ্ হলেন সর্বজ্ঞ, হিকমতওয়ালা।’’ [. সূরা আল্-ফাতাহ : ৪।]

কুরআনে আরও বলা হয়েছে,

﴿وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا يَخَافُ ظُلۡمٗا وَلَا هَضۡمٗا ١١٢﴾ [ طه : ١١٢ ]

‘‘আর যে মুমিন হয়ে সৎকাজ করে, তার কোনো আশংকা নেই অবিচারের এবং অন্য কোনো ক্ষতির।’’ [. সূরা ত্বা-হা : ১১২।]

বিশৃংখলা দূর করার ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

এক. এমন সব কারণ ও পদ্ধতি নিষিদ্ধ করা যা বিশৃংখলার দিকে মানুষকে ধাবিত করে। আর এক্ষেত্রে গণমাধ্যম ব্যবহার করা যায়।

দুই. বিশৃংখল পরিবেশ সম্পর্কে ভয় প্রদর্শন করা। পবিত্র কুরআনে এ পদ্ধতিটির অস্তিত্ব পাওয়া যায়। মহান আল্লাহ্‌ বলেন-

﴿وَقَالَتۡ هَيۡتَ لَكَۚ قَالَ مَعَاذَ ٱللَّهِۖ إِنَّهُۥ رَبِّيٓ أَحۡسَنَ مَثۡوَايَۖ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ ٢٣ ﴾ [ يوسف : ٢٣ ]

‘‘সে বলল, ‘আমি আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করছি, নিশ্চয় তিনি আমার মনিব; তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় যালিমরা সফলকাম হয় না।’’ [. সূরা ইউসুফ : ২৩।]

কুরআনে আরও এসেছে,

﴿أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ١٦٥ وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ١٦٦ ﴾ [ الشعراء : ١٦٥، ١٦٦ ]

‘‘সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও? ‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক। বরং তোমরা তো এক সীমালংঘনকারী সম্প্রদায়।’’ [. সূরা আশ্-শু‘আরা : ১৬৫-৬৬।]

কুরআনে আরও বলা হয়েছে,

﴿فَلَمَّا جَآءَ أَمۡرُنَا جَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهَا حِجَارَةٗ مِّن سِجِّيلٖ مَّنضُودٖ ٨٢ مُّسَوَّمَةً عِندَ رَبِّكَۖ وَمَا هِيَ مِنَ ٱلظَّٰلِمِينَ بِبَعِيدٖ٨٣﴾ [ هود : ٨٢، ٨٣ ]

‘‘অতঃপর যখন আমাদের আদেশ আসল তখন আমরা জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। যা আপনার রবের কাছে চিহ্নিত ছিল। আর এটা যালিমদের থেকে দূরে নয়।’’ [. সূরা হুদ : ৮২, ৮৩।]

তিন. ফাসাদ ও বিপর্যয়ের ভয়াবহ পরিণাম সম্পর্কে অবহিত করা। এ মর্মে পবিত্র কুরআনে এসেছে-

﴿وَكَمۡ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةِۢ بَطِرَتۡ مَعِيشَتَهَاۖ فَتِلۡكَ مَسَٰكِنُهُمۡ لَمۡ تُسۡكَن مِّنۢ بَعۡدِهِمۡ إِلَّا قَلِيلٗاۖ وَكُنَّا نَحۡنُ ٱلۡوَٰرِثِينَ ٥٨ ﴾ [ القصص : ٥٨ ]

‘‘আর আমরা বহু জনপদকে ধ্বংস করেছি যার বাসিন্দারা নিজেদের ভোগ-সম্পদের অহংকার করত! এগুলোই তো তাদের ঘরবাড়ী; তাদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে। আর আমরাই তো চূড়ান্ত ওয়ারিশ (প্রকৃত মালিক)।’’ [.সূরা আল্-কাসাস : ৫৮।] মহান আল্লাহ্‌ আরও বলেন,

﴿وَتِلۡكَ ٱلۡقُرَىٰٓ أَهۡلَكۡنَٰهُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَعَلۡنَا لِمَهۡلِكِهِم مَّوۡعِدٗا٥٩﴾ [ الكهف : ٥٩ ] [.সূরা আল্-কাহফ : ৫৯।]

‘‘আর ঐসব জনপদ- তাদের অধিবাসীদেরকে আমরা ধ্বংস করেছিলাম, যখন তারা যুলুম এবং তাদের ধ্বংসের জন্য আমরা স্থির করেছিলাম নির্দিষ্ট সময়।’’