hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ইসলামী মিডিয়ার অনেক উদ্দেশ্য রয়েছে তন্মধ্যে প্রধান প্রধানগুলো নিম্নে প্রদত্ত হলো: প্রথমতঃ মানুষের অন্তরে আকীদাকে সুদৃঢ় করা

একত্ববাদের বিশ্বাস মানুষের অন্তরে সুদৃঢ়ভাবে বপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে ব্যক্তির ইসলামী ব্যক্তিত্ব ফুটে উঠে। যেহেতু আল্লাহ্‌র বাণীকে সমুন্নত করাই ইসলামী মিডিয়ার উদ্দেশ্য, সেহেতু সর্বাগ্রে ইসলামী আকীদা পোষণ তথা একত্ববাদে বিশ্বাসী করা ইসলামী মিডিয়ার উদ্দেশ্য। পবিত্র কুরআনের অনেক স্থানে এ সম্পর্কে আলোচনা বিধৃত হয়েছে। আল্লাহ্‌ বলেন:

﴿ يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَۚ وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ ٢٧ ﴾ [ ابراهيم : ٢٧ ]

‘‘যারা ঈমান এনেছে, আল্লাহ্ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা যালিম আল্লাহ্ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন। আর আল্লাহ্ যা ইচ্ছে তা করেন।’’ [. সূরা ইবরাহীম : ২৭।]

কুরআনের অন্য আয়াতে সুদৃঢ়করণকে সৎ উপদেশ দানের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ্‌র বাণী,

﴿وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا ٦٦ ﴾ [ النساء : ٦٦ ]

‘‘যা করতে তাদেরকে উপদেশ দেয়া হয়েছিল তারা তা করলে তাদের ভাল হত এবং চিত্তস্থিরতায় তারা দৃঢ়তর হত।’’ [. সূরা আন্-নিসা : ৬৬।]

আলোচ্য আয়াতে কারীমার মাধ্যমে বুঝা যায় যে, সমাজ বিনির্মানের নিমিত্তে ওয়ায-নসীহত ও উপদেশ দেয়ার জন্য একটি দল নিয়োজিত থাকা আবশ্যক। আর উপদেশ গ্রহণকারীর জন্য রয়েছে কল্যাণ ও ঈমানের দৃঢ়তা।

এছাড়াও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহান আল্লাহ্‌র নিকট তাঁর দীনের পথে দৃঢ় ও অটল থাকতে শিখিয়েছেন। তিনি এই বলে দু‘আ করতেন:

«اللهم يا مقلب القلوب ثبّت قلبي على دينك»

অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে দ্বীনের উপর অটল-অবিচল রাখো।’’ [. ইমাম তিরমিযী, সুনানুত্ তিরমিযী, ৪র্থ খন্ড, পৃ. ৪৪৮, হাদীস নং- ২১৪০।]

সূরা ইবরাহীমে বর্ণিত ‘দৃঢ় বক্তব্য’ বলতে মূলত উত্তম কথাকে বুঝানো হয়ে থাকে। আর উত্তম কথা হলো- তাওহীদের বাণী যার উপর আল্লাহ্‌ তা‘আলা মুমিনের জীবনকে সুদৃঢ় করেন।