hadith book logo

ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা

লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

দশম পরিচ্ছেদ: আল্লাহর নামসমূহ ও গুণাবলী’র ওপর ঈমান

আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জানা হচ্ছে, শ্রেষ্ঠ ‘ইলম’ (জ্ঞান) এবং উৎকৃষ্ট আমল।

আর তা-ই হচ্ছে আল্লাহকে জানা, সম্মান করা, মর্যাদা দেওয়া এবং তাঁকে ডাকার পথ বা মাধ্যম।

আর তা-ই হচ্ছে ঈমান বৃদ্ধি ও জান্নাতে মর্যাদা বৃদ্ধির অন্যতম উপায়।

আর তা-ই হচ্ছে দীন প্রতিষ্ঠা এবং উচ্চপদ মর্যাদা ও ক্ষমতা লাভের প্রধান উপায়।

আর তা-ই হচ্ছে আধ্যাত্মিক পথের অনুসারীগণের জন্য সৎকর্মশীলগণের নৈতিক চরিত্রের মানে উন্নিত হওয়ার সিঁড়ি।

আর আহলে সুন্নাত ওয়াল জামা‘আত আল্লাহর নামসমূহ ও তাঁর সুমহান গুণাবলীর ওপর ঈমান রাখে।

আর সৃষ্টিকুলের কারো সাথে তাঁদের রবকে সামঞ্জস্যশীল সাব্যস্ত করা থেকে মুক্ত থাকেন।

আর তারা তাঁর ধরন বা আকৃতি অনুধাবন করার লোভ বা আশা করা থেকে নিজেদেরকে বিরত রাখেন।

আর তাঁর মহত্ব ও শ্রেষ্ঠত্বের সাথে যেসব বাস্তব বিষয় ও অর্থ মানানসই হয়, তারা তা প্রতিষ্ঠা ও নিশ্চিত করেন।

আর এ ব্যাপারে তারা আল্লাহ তা‘আলার বাণী:

﴿لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ١١﴾ [ الشورا : ١١ ]

“কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” [সূরা আশ-শূরা, আয়াত: ১১]-এর দ্বারা দলীল পেশ করেন এবং তার ওপর নির্ভর করেন।

আর কতগুলো সুন্দর সুন্দর নাম এবং মহান বৈশিষ্ট্য ও গুণাবলী এককভাবে আল্লাহ তা‘আলার জন্য সাব্যস্ত করে প্রমাণ পেশ করেছে আল-কুরআনুল কারীম। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَا﴾ [ الاعراف : ١٨٠ ]

“আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব, তোমরা তাঁকে সেসব নামেই ডাক।” [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৮০]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ﴾ [ الروم : ٢٧ ]

“আর সর্বোচ্চ গুণাগুণ তো তাঁরই।” [সূরা আর-রূম, আয়াত: ২৭]