hadith book logo

ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা

লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

তৃতীয় পরিচ্ছেদ: আলেমগণের প্রতি করণীয় আবশ্যকীয় কর্তব্য

আল্লাহওয়ালা আলেমগণ হলেন সৎ দায়িত্বশীল এবং সত্যবাদী দা‘ঈ তথা আল্লাহর দিকে আহ্বানকারী।

তারা হলেন জনগণের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয়কারী ব্যক্তি এবং তাঁর শরী‘আত ও হেদায়েতের ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞ, আর তারা হলেন আল্লাহর বন্ধু এবং নবীগণের উত্তরাধিকারী, আর তারা হলেন আহলে হাদীস তথা হাদীস ও সুন্নাহ’র ধারক ও বাহক এবং সাথে সাথে বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিবর্গ। আবার তারা হলেন আনুগত্যপরায়ণ ও আল্লাহর স্মরণে ব্যস্ত ব্যক্তিবর্গ, আর বাস্তবিক পক্ষে তারা হলেন নেতৃবৃন্দ ও যথাযথ কর্তৃপক্ষ।

তারা হলেন উম্মতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খলিফা বা প্রতিনিধি এবং যখন তাঁর কোনো সুন্নাতের মৃত্যু ঘটে, তখন তারা তাকে পুনর্জীবিত করেন, আর পথভ্রষ্টকে সঠিক পথের দিকে ডাকেন এবং তাদের (উম্মতের) পক্ষ থেকে দেওয়া কষ্টের সময় ধৈর্যধারণ করেন।

কিতাব তথা আল-কুরআন তাদেরকে সমর্থন করে এবং তারা তা প্রতিষ্ঠা করেন, আর আল-কুরআন তাদের কথা বলে এবং তারাও তাঁর কথা বলেন।

সৎ কাজে তাদের আনুগত্য করাটাকে আল্লাহ তা‘আলা ফরয করে দিয়েছেন এবং তাদেরকে ভালোবাসতে নির্দেশ দিয়েছেন, আর তিনি তাদেরকে জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে দস্তখতকারী হিসেবে অভিষিক্ত করেছেন।

বিপর্যয়ের সময় তাদেরই কাছে যেতে হয় এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে তাদের মতামত প্রকাশ করা হয়।

তাদের ভালো দিকগুলো প্রচার করা হবে, মন্দ দিকগুলো ঢেকে রাখা হবে এবং তাদের অধিকারসমূহ সংরক্ষণ করা হবে। কারণ, তাদের মাংস বিষাক্ত, আর তাদের দুর্নামকারীদের লাঞ্ছিত ও অপদস্থ করার ব্যাপারে আল্লাহর নিয়ম তো সর্বজনবিদিত।

আর সর্বশ্রেষ্ঠ আলেম হলেন পূর্ববর্তী আলেমগণ। যেমন, সাহাবী, তাবে‘ঈন, তাবে-তাবে‘ঈন এবং ঘোষিত শ্রেষ্ঠ তিন যুগের আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের ইমামগণ, বিশেষ করে অনুসরণীয় ফিকহী মাযহাবসমূহের স্থপতি চার ইমাম।

ঈমান ও আকিদার মাসআলাসমূহের ক্ষেত্রে তাদের বক্তব্য এক ও অভিন্ন, যদিও শরী‘আতের শাখা-প্রশাখাসমূহের কিছু কিছু ব্যাপারে মতপার্থক্য হয়েছে।

সাবধান! সাবধান!! তাদের ভুল-ত্রুটির পিছনে লেগে থাকা থেকে এবং তাদের মর্যাদা ভূলুণ্ঠিত করা থেকে সাবধান থাকবে। আরও সতর্ক থাকবে তারা নিষ্পাপ বলে দাবি করা থেকে।

সাবধান! সাবধান!! সতর্ক থাকবে ঐসব ব্যক্তিবর্গ থেকে, যারা দীনকে ব্যবসা ও পেশা হিসেবে গ্রহণ করেছে, ইবাদত ও নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেনি, তারা ভালো কাজের আদেশ করে, অথচ তারা তা করে না। আর তারা মন্দ কাজে নিষেধ করে, অথচ তারাই সে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, আর তারা বাতিল কথা বলে এবং তাকে রংচং দিয়ে সুন্দর করে উপস্থাপন করে, আর তারা সত্যকে গোপন করে এবং তাকে বাতিলের সাথে মিশিয়ে একাকার করে ফেলে।