hadith book logo

ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা

লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

একবিংশ পরিচ্ছেদ: নবী সাল্লাল্লাহু ‘আলইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ও অধিকারসমূহ

আল্লাহ তা‘আলা আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবুওয়াত ও রিসালাতের পরিসমাপ্তি করার মাধ্যমে তাঁকে বিশেষিত করেছেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّ‍ۧنَ﴾ [ الاحزاب : ٤٠ ]

“মুহাম্মাদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী।” [সূরা আল-আহযাব, আয়াত: ৪০]

আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সার্বিকভাবে সকল মানুষের জন্য এবং ব্যাপাকভাবে মানুষ ও জিন্ন জাতির জন্য। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ﴾ [ سبا : ٢٨ ]

“আর আমরা তো আপনাকে সমগ্র মানুষের জন্যই প্রেরণ করেছি।” [সূরা সাবা, আয়াত: ২৮]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ١٠٧﴾ [ الانبياء : ١٠٧ ]

“আর আমরা তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি।” [সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭]

আর আল্লাহ তা‘আলা কর্তৃক নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জন্য দীনকে পরিপূর্ণ করা এবং তাঁর প্রতি বিজয় ও ক্ষমতার মতো নি‘আমত পূর্ণ করার পরেই তিনি মারা যান, আর আল্লাহ তা‘আলা তাঁর প্রতি আয়াত নাযিল করে বলেন,

﴿ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗا﴾ [ المائ‍دة : ٣ ]

“আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নি‘আমত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে পছন্দ করলাম।” [সূরা আল-মায়েদা, আয়াত:৩]

অনুরূপভাবে তাঁর ‘রব’ তাঁকে বিশেষিত করেছেন ‘ইসরা’ (রাত্রিকালীন ভ্রমণ) ও ‘মি‘রাজ’ (ঊর্ধ্বগমণ) করানোর মাধ্যমে, আর তাঁর জন্য তিনি চাঁদকে খণ্ডিত করেছেন এবং তাঁর থুতু ও ঘামকে বরকতময় ও চিকিৎসার উপকরণ বানিয়ে দিয়েছেন। তাঁর দো‘আর কারণে বৃষ্টি বর্ষণ হত এবং তাঁর প্রতি গাছপালা অবনমিত হয়েছে, আর উট ও পাথর তাঁকে সালাম প্রদান করেছে, আর তাঁকে সাহায্য করা হয়েছে (শত্রুদেরকে তাঁর) ভয় ও আতঙ্কের দ্বারা এক মাসের দূরত্বের পরিমাণ পর্যন্ত। আর তিনি হলেন আদমসন্তানের নিরহঙ্কারী নেতা, মহান শাফা‘আতের অধিকারী এবং কিয়ামতের দিন ‘প্রশংসার পতাকা’ বহনকারী।

তাঁর নবুওয়াতের দলীল-প্রমাণ সীমার অতিরিক্ত এবং তাঁর মহৎ গুণের সংখ্যা অগণিত।

সুতরাং তাঁর প্রথম ‘হক’ বা অধিকার হলো তাঁর প্রতি ঈমান আনয়ন করা, সাথে সাথে তাঁর আনুগত্য ও অনুসরণ করা, তাঁকে সম্মান ও শ্রদ্ধা করা এবং তাঁকে মহব্বত করা ও তাঁর প্রতি আন্তরিকতা প্রদর্শন করা, আর তাঁর নিকট বিচারের ভার দেওয়া, তাঁর শরী‘আতকে মেনে সন্তুষ্ট থাকা এবং কোনো রকম বাড়াবাড়ি ও কঠোরতা ছাড়া তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া, আর তাঁর প্রতি সালাত ও সালাম পেশ করা।

صلى الله عليه و على آله و أصحابه، وسلّم تسليماً كثيراً .

“আল্লাহ তাঁর প্রতি এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীগণের প্রতি বেশি বেশি সালাত ও সালাম বর্ষণ করুন”।