১
সংক্ষেপিত ইযহারুল হক্ক
লেখকঃ ড. মুহাম্মাদ আহমদ আব্দুল কাদির মালকাবী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৪
৩. ১. ১. ৮. চিরন্তন অলৌকিকত্ব
কুরআনের অলৌকিকত্বের অষ্টম দিক হলো, তা তার অলৌকিকরূপেই সংরক্ষিত রয়েছে, সেভাবেই তা সর্বত্র পঠিত হচ্ছে। অন্য কোনো নবী-ভাববাদীর অলৌকিক চিহ্ন সেরূপ নয়। তাদের তিরোধানের সাথে সাথে সেগুলি চলে গিয়েছে এবং অতীত সংবাদে পরিণত হয়েছে। পক্ষান্তরে কুরআন তার অবতারণের সময় থেকে আজ পর্যন্ত অবিকল তার অলৌকিক সত্ত্বায় সংরক্ষিত রয়েছে। সকল যুগে সকল দেশে ও জনপদে ভাষাবিদ ও কবিসাহিত্যিকগণ বিদ্যমান ছিলেন ও আছেন। তাদের মধ্যে ইসলাম বিরোধী মানুষেরও অভাব নেই। ইসলামের বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণকারীর সংখ্যাও কম নয়। কিন্তু কেউই এখন পর্যন্ত কুরআনের অলৌকিকত্ব খণ্ডন করতে বা এর মুকাবিলা করতে সক্ষম হন নি। কিয়ামত পর্যন্ত এভাইে তার অলৌকিকত্ব চিরঞ্জীব থাকবে। [রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে যেমন কুরআন শুনে বা পড়ে সকলেই হতবাক হয়েছেন, কেউ জিদ বা স্বার্থের কারণে বিভিন্ন ব্যাখ্যা করে সত্যকে এড়িয়ে গিয়েছেন এবং কেউ সত্যকে স্বীকার করে ঈমান গ্রহণ করেছেন, বর্তমান যুগেও ঠিক একই অবস্থা বিদ্যমান। কুরআন পড়ে ঈমান গ্রহণকারী বা অন্তত এর অলৌকিকত্ব স্বীকারকারী বৈজ্ঞানিক, ডাক্তার, সমাজবিদ, ঐতিহাসিক, ধর্মগুরু, পাদরি ও সাধারণ মানুষের সংখ্যা বর্তমান যুগেও অগণিত। শত বিরোধিতা ও অপপ্রচারের পরেও প্রতি বৎসরই হাজার হাজার মানুষ কুরআনের অলৌকিকত্বে ইসলাম গ্রহণ করছেন।]