hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

২৩) কাতার সোজা করাতে মহান প্রতিদান অর্জিত হয় আর জান্নাতে তার জন্যে একটি ঘর তৈরী করা হয়

জামাআতে নামায মুসলিম ব্যক্তিকে কাতার সোজা করার ব্যাপারে অধিক আগ্রহী করে তুলে। যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতারগুলোকে একটা অপরটার সাথে মিলাতে বা কাতারের মাঝে ফাঁকা স্থান বন্ধ করতে আদেশ দিয়েছেন। আর এতে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত পুরস্কার ও মহান মর্যাদা।

আয়েশা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً

নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষন করেন এবং ফেরেশতাগণ দুআ করেন ঐ সমস্ত লোকদের জন্যে যারা প্রথম কাতারে নামায আদায় করে। আর যে নামাযের কাতারে ফাঁকা স্থান বন্ধ করে আল্লাহ তাআলা তার একটি মর্যাদার স্তর উঁচু করেন। [- ইবনু মাজাহ, অধ্যায়: কাতার সোজা করা। আল্লামা নাসির উদ্দিন আলবানী (রহ:) সিলসিলা সহীহাতে হাদীসটি সহীহ বলেছেন।]

সহীহ তারগীব ও তারহীবে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً , وَبُنِيَ لَهُ بَيْتاً فِيْ الْجَنَّةِ

যে নামাযে কাতারের মধ্যকার ফাঁকা স্থান বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার একটি মর্যাদার স্তর উঁচু করে দিবেন এবং তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করা হবে। [- সহীহ তারগীব ও তারহীব ৫০৫ পৃ:। আল্লামা নাসির উদ্দিন আলবানী (রহ:) সহীহ তারগীব ও তারহীব গ্রন্থে হাদীসটি সহীহ বলেছেন। অধ্যায়, কাতার সোজা করা এবং ফাঁক বন্ধ করা।]