hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

২৯) বরকতপূর্ণ দুআ ও যে দুআ ফেরত দেয়া হয় না

আমাদের জীবনে বহু এমন এমন সময় রয়েছে যে সময়গুলোতে দুআ কবুল করা হয়। বরং এমনও সময় রয়েছে যে সময় দুআ করলে তা ফিরত দেয়া হয় না। যে সমস্ত মূল্যবান সময় ও সুযোগ আমরা আমাদের জীবন থেকে নষ্ট করে দেই তন্মধ্যে একটি মূল্যবান সময় হল, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়।

জীবনের এ মূল্যবান সময়গুলোকে সৎ কাজে ব্যয় করার একটি মহা সুযোগ হল জামাআতের সাথে নামায আদায় করা। যারা জামাআতের সাথে নামায পড়তে অভ্যস্থ তারা সাধারণত ইকামতের পূর্বেই মাসজিদে আসে এবং দুআ ও যিকিরে ব্যস্ত থাকে। আর যে একাকী নামায আদায় করে সে এ সমস্ত মূল্যবান সময়ের প্রতি লক্ষ্য করে না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দুআ ফেরত দেয়া হয় না। [- আবু দাউদ, তিরমিযী, নাসাঈ প্রমূখ। আবু দাউদ, অধ্যায়: দুই আযানের মাঝে দুআ করার বিবরণ। সহীহুল জামে’ হাদীস নং ৩৪০৮।]

বরকতপূর্ণ দুআ সমূহের মধ্য হতে যেমন একজন মুসলিম ব্যক্তি মাসজিদে প্রবেশ করতে ও তা হতে বাহির হতে পাঠ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

যখন তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করবে তখন পাঠ করবে, আল্লাহুম্মাফ তাহ্‌লী আবওয়াবা রাহ্‌মাতিক।

হে আল্লাহ! তুমি আমার জন্যে তোমার রহমতের দ্বার সমূহ খুলে দাও। আর যখন মাসজিদ থেকে বের হবে তখন পাঠ করবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক।

হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করছি। [- মুসলিম, অধ্যায়: মাসজিদে প্রবেশের সময় যা বলবে।]