hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

কোন পাপকে হালকা মনে করা যাবে না

অত্যন্ত নগণ্য ও সূক্ষ্ম গুনাহ থেকেও নিজেকে বিরত রাখা কর্তব্য। কেননা এসব গুনাহ পর্যবেক্ষণ করার জন্যও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে, যারা আমাদের গুনাহসমূহ লিখে রাখেন। অতএব আমাদের সতর্ক হওয়া উচিত যে, আমি আজকে যেসব গুনাহকে হালকা মনে করছি তা যদি একটি একটি করে জমা হতে থাকে তবে ভবিষ্যতে বড় আকার ধারণ করবে।

দুঃখজনক হলেও সত্য যে, আজকাল অনেকেই পাপকে অবহেলা করে সর্বদা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত রয়েছে। তাদেরকে যদি বলা হয়, তুমি এ কাজ করলে কেন? তখন তারা উত্তর দেয় যে, এতে খারাপের কী আছে? এটা তো সকলেই করে থাকে। এভাবে তারা পাপকে হালকা মনে করে উল্টো আরো নানা যুক্তি দাঁড় করায়।

গুনাহ ছোট হলেও এর প্রভাব মারাত্মক। যেমন-

প্রথমত ঃ

মানুষ সগীরা গুনাহকে স্বাভাবিক ব্যাপার মনে করে গুনাহ করতে থাকে। এমনকি এক সময় তার মৃত্যু উপস্থিত হয় এবং তার পক্ষে এসব গুনাহ থেকে তওবা করার সুযোগ হয় না।

দ্বিতীয়ত ঃ

এসব সগীরা গুনাহ অন্য আরো কবীরা গুনাহকে আকর্ষণ করতে থাকে। যেমন, আজ যদি কোন মেয়ের সাথে নিয়মিত দেখা করা হয় তবে কাল তার হাত ধরা হবে। এরপর অন্যদিন তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হবে। তারপর একদিন তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এভাবে যে গুনাহকে এক সময় ছোট মনে করা হত, তা এক সময় তাকে বড় গুনাহে লিপ্ত করে দেবে।

তৃতীয়ত ঃ

সগীরা গুনাহ করতে করতে একসময় আর তা থেকে ফিরে আসা সম্ভব হয়ে উঠে না। সুতরাং প্রতিটি মুমিন বান্দার আবশ্যকীয় কর্তব্য যে, যথাসম্ভব নিজেকে সগীরা গুনাহ হতে বিরত রাখা এবং গুনাহ হয়ে গেলে নিয়মানুযায়ী তওবা করে নেয়া। আর এ কথা মনে রাখা যে, আগুন যত অল্পই হোক না কেন তা সুযোগ পেলেই বিশালাকার ধারণ করতে পারে। ঠিক তেমনিভাবে গুনাহ যতই ছোট হোক না কেন তা মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। পাপের ক্ষুদ্রতার দিকে না তাকিয়ে যার নাফারমানী করা হচ্ছে তাঁর শাস্তির দিকে তাকাতে হবে। আল্লাহ তা‘আলা আমাদের সকল পাপ থেকে বিরত থাকার তাওফীক দান করুন। আমীন!