hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

বেশি বেশি নেক আমল করা

গুনাহ কারার পর আরেকটি বিকল্প পদ্ধতির আমল হচ্ছে বিভিন্ন ধরনের ভাল কাজ করা, যাতে তা ঐ পাপের ক্ষতিপূরণ হয়ে যায়। ভাল কাজ পাপীকে পাপের জেলখানা থেকে মুক্ত করে আনুগত্যের বিশাল জগতে নিয়ে যায়। আবূ যর (রাঃ) বলেন, রাসূল ﷺ আমাকে বলেছেন-

اِتَّقِ اللهَ حَيْثُمَا كُنْتَ وَاَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ

‘‘তুমি যেখানেই থাক আল্লাহকে ভয় করে চল। আর যখন কোন গুনাহের কাজ হয়ে যায় তখনই একটি সওয়াবের কাজ করে নাও। তা তোমার পূর্ববর্তী গুনাহকে মিটিয়ে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ কর।’’

(তিরমিযী হা: ১৯৮৭)

যদি কোন লোক শয়তানের ধোঁকায় পড়ে অনেকদিন আল্লাহর হুকুম পালন করা ছেড়ে দিয়ে থাকে তাহলে তার কর্তব্য হল বিগত জীবনের ছেড়ে দেয়া আমল গুলোর জন্য বিনীতভাবে তওবা করা এবং ভবিষ্যতে আর কখনো ফরজ আমল ছেড়ে না দেয়া। বিশেষ করে বেশি বেশি নফল নামায আদায় করা। কেননা আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন নফল নামায দ্বারা ফরজ নামাযের ত্রুটিসমূহ পূর্ণ করে দেবেন। রাসূল ﷺ বলেন-

إنَّ أوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهٖ صَلَاتُهٗ فَإنْ صَلُحَتْ فَقَدْ أفْلَحَ وَاَنْجَحَ وَإنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسَرَ فَاِنِ انْتَقَصَ مِنْ فَرِيْضَتِهٖ شَيْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَ جَلَّ اُنْظُرُوْا هَلْ لِعَبْدِيْ مِنْ تَطَوُّعٍ ؟ فَيُكْمَلُ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيْضَةِ ثُمَّ يَكُوْنُ سَائِرِ عَمَلِهٖ عَلٰى ذٰلِكَ

নিশ্চয় আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দার আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাযের হিসাব নেবেন। যদি তার নামায সঠিক হয় তবে সে সফল হবে এবং মুক্তি লাভ করবে। আর যদি তার নামায নষ্ট হয়ে যায়, তাহলে সে ব্যর্থ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। যদি তার ফরজ নামাযের মধ্যে কোন ত্রুটি ধরা পড়ে তবে আল্লাহ তা‘আলা ফেরেশতাদেরকে বলবেন, ‘‘দেখ, আমার এ বান্দার আমলনামায় কোন নফল নামায আছে কি না।’’ যদি থাকে তবে সেই নফল নামাযের দ্বারা ফরজের ঘাটতি পূর্ণ করে দেয়া হবে। এভাবে সকল আমলের হিসাব নেয় হবে। (তিরমিযী হা: ৪১৩)