hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

গীবতের সংজ্ঞা

اَلْغِيْبَةُ শব্দটি আরবি। غيب মূল অক্ষর থেকে এর উৎপত্তি। غ বর্ণে যবর দিয়ে পড়লে এর অর্থ হয়, লুকিয়ে যাওয়া, অনুপস্থিত থাকা ইত্যাদি। আর غ বর্ণে যের দিয়ে পড়লে এর অর্থ হয়- পরনিন্দা করা, পরের দোষ চর্চা করা, কুৎসা রটানো ইত্যাদি।

যেহেতু গীবত সম্পর্কিত আলোচনা অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে করা হয় তাই উক্ত আলোচনাকে গীবত বলে। আর গীবত দ্বারা পরের সমালোচনা করা হয় বিধায় তাকে পরনিন্দাও বলা হয়।

বিখ্যাত আরবি অভিধান কামুসে বলা হয়েছে-

غَابَهٗ اَيْ عَابَهُ وَذَكَرَهٗ بِمَا فِيْهِ مِنَ السُّوْءِ

‘‘কেউ কারো গীবত করল, তার মানে তার দোষ আলোচনা করল, তার মধ্যে যে সকল মন্দ অভ্যাস রয়েছে তা বর্ণনা করল।’’

গীবতের পরিচয় সংক্রান্ত হাদীস :

عَنْ اَبِى هُرَيْرَةَ اَنَّ رَسُوْلَ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ « اَتَدْرُوْنَ مَا الْغِيْبَةُ » . قَالُوْا اَللهُ وَرَسُوْلُهٗ اَعْلَمُ . قَالَ « ذِكْرُكَ اَخَاكَ بِمَا يَكْرَهُ » . قِيْلَ اَفَرَاَيْتَ اِنْ كَانَ فِىْ اَخِىْ مَا اَقُوْلُ قَالَ « اِنْ كَانَ فِيْهِ مَا تَقُوْلُ فَقَدِ اغْتَبْتَهٗ وَاِنْ لَمْ يَكُنْ فِيْهِ فَقَدْ بَهَتَّهٗ »

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল ﷺ উপস্থিত সাহাবাগণকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো গীবত কী? সাহাবাগণ উত্তরে বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। রাসূল ﷺ বললেন, ‘‘গীবত হল তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হল, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে এটাও কি গীবত হবে? রাসূল ﷺ বললেন, তুমি যা বল তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটাই গীবত। আর তুমি যা বল তা যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা হবে তোহমাত। অর্থাৎ মিথ্যা অপবাদ।’’

(মুসলিম হা: ৬৭৫৮, তিরমিযী হা: ১৮৮৪, মেশকাত হা: ৪৬১৭)

এখানে ‘ভাই’ শব্দটি উল্লেখ করার বিশেষ তাৎপর্য এই যে, মানুষ সাধারণত আপন ভাইয়ের দোষ অন্য কারো কাছে প্রকাশ করে না; বরং যথাসম্ভব তা গোপন রাখতে চেষ্টা করে। তদ্রূপ অন্য মানুষের গীবত ও দোষচর্চা করাও উচিত নয়। কেননা ইসলামের সূত্রে সকলেই ভাই ভাই।

ইমাম নববী (রহ.) বলেন-

ذِكْرُ الْمَرْءِ بِمَا يَكْرَهُهٗ سَوَاءٌ ذَكَرْتَهٗ بِاللَّفْظِ اَوْ بِالْاِشَارَةِ وَالرَّمْزِ

‘‘গীবত হল কোন ব্যক্তিকে এমনভাবে উল্লেখ করা যা সে অপছন্দ করে, চাই তা প্রকাশ্যে হোক বা ইশারা-ইংঙ্গিতে হোক।’’

ইমাম রাগিব (রহ.) বলেন-

هِيَ اَنْ يَّذْكُرَ الْاِنْسَانُ عَيْبَ غَيْرِهٖ مِنْ غَيْرِ مَحُوْجٍ اِلٰي ذِكْرِ ذٰلِكَ

‘‘গীবত হল বিনা প্রয়োজনে কোন ব্যক্তির দোষ বর্ণনা করা।’’