hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

কন্যা সন্তানদের অংশ

বিভিন্ন এলাকায় রেওয়াজ আছে যে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে তার কন্যা সন্তানদেরকে অংশ প্রদান করা হয় না; বরং ভাইয়েরাই সব ভোগ করে থাকে। এটা সম্পূর্ণ যুলুম ও হারাম। কেউ কেউ বলেন যে, বোনেরা তাদের অংশ দাবি করে না এবং ক্ষমা চেয়ে নিলে ক্ষমা করে দেয়।

জেনে রাখা প্রয়োজন যে, হক না চাওয়া হক ছেড়ে দেয়ার দলীল হতে পারে না। অন্যসব মিথ্যা ক্ষমার ন্যায় এটাও এক প্রকার মিথ্যা ক্ষমা। কেননা যেসব বোনেরা জানে যে, তারা নিজেদের সম্পত্তি পাবে না তারা নিজেদের হক দাবী করা হতে চুপ থাকে। যদি তাদের অংশ বণ্টন করে তাদেরকে বুঝিয়ে দেয়া হয় এবং বলা হয় এই তোমাদের অংশ নিয়ে যাও, তারপরও যদি তারা না নেয়, তাহলে তা বিবেচনাযোগ্য। প্রচলিত পন্থায় ক্ষমা করিয়ে নেয়া গ্রহণযোগ্য নয়।

কেউ কেউ নিজের মনকে বলে যে, সারাজীবন বোনদেরকে তাদের শ্বশুরালয় হতে আনতে থাকব। তারা সন্তান নিয়ে আসবে, খাবে। এটা দ্বারা তাদের হক আদায় হয়ে যাবে। তাদের এসব দাবি আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয়। কারণ,

প্রথমত ঃ তাদের উপরে এত খরচ করা হয় না, যত সম্পত্তি তাদের পাওনা থাকে।

দ্বিতীয়ত ঃ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয় তাহলে নিজের পয়সা দ্বারা করতে হবে। বোনদের পয়সা তাদের জন্য খরচ করলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা হতে পারে না।

তৃতীয়ত ঃ বোনদেরকে তাদের অংশ থেকে বঞ্চিত করে ভাইয়েরা তা ভোগ করে থাকেন এতে কি বোনেরা সন্তুষ্ট রয়েছে? ভাইয়েরা কি তা ভেবে দেখেন কখনো? এটা নিঃসন্দেহে একটি বড় ধরনের আত্মসাৎ। যদিও বোনেরা লজ্জার কারণে তাদের হক আদায় করতে পারে না। কিন্তু আখেরাতের আদালতে যখন সবাই উপস্থিত হবে তখন কেউ কাউকে ছাড় দেবে না। সেদিন ভাইয়েরা লজ্জিত হবে এবং তাদের নেকীগুলো বোনদেরকে দিয়ে দিতে বাধ্য হবে। অথবা বোনদের গুনাহের বোঝা নিজেদের বহন করতে হবে। তাই যারা এসব কাজ করেন তাদের উচিত আজই বাবার সম্পক্তি হতে বোনদের অংশ বুঝিয়ে দেয়া।