hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

اَرْبَابٌ (আরবাব) এর পরিচয়

اَرْبَابٌ (আরবাব) শব্দটি رُبُوْبِيَّةٌ (রুবুবীয়াহ) শব্দ থেকে এসেছে। আর رب (রব) এর বহুবচন হচ্ছে اَرْبَابٌ (আরবাব)। আল্লাহ তা‘আলা আমাদের একমাত্র রব। আল্লাহ্র (সুব:) রুবুবিয়্যার কোন অংশ যদি কেউ দাবী করে, তাহলে সে মিথ্যা রুবুবিয়্যাহ দাবী করল। সুতরাং তাকে একজন আরবাব হিসেবে শ্রেণীভুক্ত করা যেতে পারে। আর তার এ দাবী যদি কেউ মেনে নেয়, তাহলে সে তাকে একজন রব হিসেবে গ্রহণ করল।

মূলকথা, আল্লাহ তা‘আলা একমাত্র রব, তাঁর কাজগুলো অন্যরাও করতে পারে- এই বিশ্বাসে যাদের কাছে যাওয়া বা চাওয়া হয় অথবা এসবের অংশ যাদেরকে দেওয়া হয় তাদেরকেই ‘আরবাব’ বলে। আল্লাহ্ রাববুল আ‘লামীন আল-কুরআনে বলেন:

﴿اِتَّخَذُوْاۤ اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ﴾

তারা আল্লাহ ব্যতীত তাদের আলিম ও সংসারবিরাগীদেরকে প্রভু হিসেবে গ্রহণ করেছে এবং মারইয়ামের পুত্র মাসীহকেও। (সূরা তাওবা- ৯:৩১)

এ আয়াতের ব্যাখ্যায় হাদীসে বর্ণিত হয়েছে,

عَنْ عَدِىِّ بْنِ حَاتِمٍ قَالَ : أَتَيْتُ النَّبِىَّ - - وَفِىْ عُنُقِىْ صَلِيْبٌ مِّنْ ذَهَبٍ قَالَ فَسَمِعْتُهٗ يَقُوْلُ اِتَّخَذُوْا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّنْ دُوْنِ اللهِ، قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّهُمْ لَمْ يَكُوْنُوْا يَعْبُدُوْنَهُمْ . قَالَ : أَجَلْ وَلٰكِنْ يُحِلُّوْنَ لَهُمْ مَا حَرَّمَ اللهُ فَيَسْتَحِلُّوْنَهٗ وَيُحَرِّمُوْنَ عَلَيْهِمْ مَا أَحَلَّ اللهُ فَيُحَرِّمُوْنَهٗ فَتِلْكَ عِبَادَتُهُمْ لَهُمْ

আদী বিন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, একদা আমি রাসূলুল্লাহ ﷺ কাছে আসলাম এমতাবস্থায় যে, আমার গলায় রৌপের ক্রশ ঝুলছিল। বর্ণনাকারী বলেন, তখন আমি তাকে এই আয়াতটি-

﴿اِتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللهِ﴾

তথা ‘‘তারা তাদের পন্ডিত ও পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে’’ পাঠ করছিলেন। তখন আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! তারা তো তাদের ইবাদত করে না, (তাহলে তাদেরকে কীভাবে রব হিসেবে গ্রহণ করা হলো?) তিনি বললেন, হ্যাঁ- কিন্তু তারা কি আল্লাহ তাদের জন্য যা হারাম করেছেন তা হালাল এবং যা তাদের জন্য হালাল করেছেন তা হারাম করে না? এটাই হলো তাদের ইবাদত করা।

(সুনানে বায়হাকী ২০৮৩৭; সুনানে তিরমিজি ৩০৯৫)

যারা মানবরচিত সংবিধানের মাধ্যমে আল্লাহর হারাম করা জিনিসগুলোকে হালাল করছে, যেমন- সুদ, জুয়া, মদ, লটারী, পতিতাবৃত্তি ইত্যাদি আল্লাহ হারাম করেছেন, আর সংবিধানের মাধ্যমে এগুলোকে বৈধ বা হালাল ঘোষণা করা হয়েছে। আর মানুষ তাদেরকে মেনে নিয়ে আল্লাহর পাশাপাশি আরবাব হিসেবে গ্রহণ করছে। অথচ আল্লাহ তা‘আলা নির্দেশ দিয়েছেন:

﴿قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ﴾

বল, হে আহলে কিতাবগণ! এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন আমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদত না করি, কোন কিছুকেই তাঁর শরীক না করি এবং আমাদের কেউ যেন কাউকে আল্লাহ ব্যতীত রব (আরবাব) হিসেবে গ্রহণ না করে। যদি তারা মুখ ফিরিয়ে লয় তবে বল তোমরা সাক্ষী থাক, অবশ্যই আমরা মুসলিম।

(সূরা আল ইমরান ৩:৬৪)।