hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

اَنْدَادٌ (আনদাদ) কি?

اَنْدَادٌ (আনদাদ) অর্থ সমকক্ষ অথবা আরো সুনির্দিষ্টভাবে এমন কোনকিছু যাকে আল্লাহর সমকক্ষ বানানো হয়েছে। এটা যে কোন আকারে হতে পারে যেমন- সম্পদ, পরিবার, সমাজ, নেতৃত্ব ও অন্যান্য কোনকিছুকে ভালোবাসা স্বাভাবিক। কিন্তু কেউ যদি এই জিনিসগুলোকে আল্লাহর জন্য তার যে ভালোবাসা সেই পরিমান অথবা তার চেয়ে বেশী ভালোবাসে, তাহলে সেটা আল্লাহর সঙ্গে শরীক করা হয়। আল্লাহ তা‘আলা বলেন:

﴿وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللهِ وَالَّذِينَ اٰمَنُوا أَشَدُّ حُبًّا لِلّٰهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيعًا وَأَنَّ اللهَ شَدِيدُ الْعَذَابِ ﴾

আর কোন লোক এমনও রয়েছে, যারা অন্যান্যকে আল্লাহর আনদাদ (সমকক্ষ) সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশী। আর কতইনা উত্তম হত যদি এ যালেমরা পার্থিব কোন কোন আজাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহর জন্যই এবং আল্লাহর আজাবই সবচেয়ে কঠিনতর। (সূরা বাক্বারা ২:১৬৫)

আল্লাহ তা‘আলা কুরআনে বলেন:

﴿قُلْ إِنْ كَانَ اٰبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ وَاللهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ﴾

হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের আত্মীয়-স্বজন তোমাদের সেই ধন-সম্পদ, যা কিছু তোমরা উপার্জন করেছ, সেই ব্যবসায় যার মনদা হওয়াকে তোমরা ভয় কর, আর তোমাদের সেই ঘর যাকে তোমরা খুবই পছন্দ কর- এগুলো তোমাদের নিকট আল্লাহ ও তাঁর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়েও বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা কর- যতক্ষণ না আল্লাহ তাঁর চূড়ান্ত ফায়সালা তোমাদের সামনে পেশ করেন। আর আল্লাহ তো ফাসেক লোকদের কখনই হেদায়াত করেন না। (সূরা তাওবা ৯:২৪)

সবকিছুর প্রতি আমাদের ভালোবাসা অবশ্যই আল্লাহ তা‘আলা এবং তার রাসূল ﷺ এর প্রতি আমাদের ভালোবাসার পরে আসতে হবে। এক আল্লাহর ইবাদত করার জন্য সব ধরনের আনদাদ ত্যাগ করতে হবে।