hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

প্রশ্ন (৩২): মৃত অথবা জীবিত ব্যক্তিদের জন্য তাওয়াফের সাওয়াব অথবা কুরআন তিলাওয়াত হাদীয়া করে প্রেরণ করার বিধান কি?

উত্তর (৩২): ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর মাযহাব মতে বিখ্যাত হচ্ছে যে, মৃত বা জীবিত ব্যক্তির জন্য তাওয়াফ অথবা সালাত অথবা কুরআন তিলাওয়াতের সাওয়াব হাদিয়া দেওয়াতে দোষ নেই। তারপরও তা এমন বিষয় নয় যা করার জন্য কোনো মানুষকে শরী‘আতে নির্দেশ কিংবা উৎসাহ প্রদান করা হয়েছে। বরং সাওয়াব হাদীয়া দেওয়ার চেয়ে মৃত ব্যক্তির জন্য দো‘আ করা উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«إذا مات الإنسان أو قال ابن آدم انقطع عمله إلا من ثلاث : صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له»

“যখন মানুষ মারা যায় অথবা বনি আদম যখন মারা যায় তখন তার সব আমলের পথ রুদ্ধ হয়ে যায়। কিন্তু তিনটি জিনিসের ধারা বলবৎ থাকে। সাদকায়ে জারীয়াহ অথবা এমন ইলম যা উপকারে আসে অথবা এমন নেক সন্তান যে তার জন্য দো‘আ করবে।” এখানে তিনি বলেননি ‘অথবা এমন নেক সন্তান যে তার জন্য কোনো কাজ করবে’ বরং বলেছেন, ‘তার জন্য দো‘আ করবে।’ এর দ্বারা বুঝা যায় যে, দো‘আ করা সাওয়াব হাদিয়া দেওয়ার চেয়ে উত্তম।