hadith book logo

রাফ‘উল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন আবদুল হালীম ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

বিজ্ঞ সাহাবীগণের মর্যাদার তারতম্য

সাহাবী ও তাদের পরবর্তীগণের (তাবেঈ ও তাবে‘ তাবে‘ঈন) পরস্পরের প্রাধান্য নির্ভর করে তাদের জ্ঞানের গভীরতা, ব্যাপকতা ও উৎকর্ষের ওপর। একজনের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ হাদীস আয়ত্ব করা সম্ভব, এরূপ দাবী করা ভিত্তিহীন। এ ব্যাপারে খুলাফায়ে রাশেদীন থেকেই আমরা বিষয়টির প্রমাণ পাই। যাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, নিয়ম পদ্ধতি ও চলাফেরা ইত্যাদি অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত। বিশেষতঃ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহু দেশে-বিদেশে কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেন নি, বরং অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে থাকতেন। এমনকি মুসলিম জাতির প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি বিনিদ্র রাত্রি যাপন করতেন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুও ছিলেন অনুরূপ। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন:

«َدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ»

“আমি, আবু বকর ও উমার প্রবেশ করেছি এবং আমি, আবু বকর ও উমার বের হয়েছি”। [সহীহ বুখারী, হাদীস নং ৩৬৮৫; সহীহ মুসলিম, হাদীস নং ২৩৮৯।]