hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

বাণী ও দু’আ ১

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তরুণ আলেম ও লেখক মাওলানা মুহম্মদ ওসমান গণীর দীর্ঘ শ্রম ও অধ্যবসায়ের সারমর্ম ‘‘আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান’’ বইটি আমি পড়েছি। পবিত্র কুরআনই যে সকল মানব হিতৈষী জ্ঞান-বিজ্ঞানের আধার বা মৌলিক সূত্র তা পবিত্র কুরআনেই একাধিকবার আল্লাহপাক উলেখ করেছেন। কিন্তু আমরা যারা সাধারণত ধর্মীয় আবেগ বা জ্ঞানে কুরআন অধ্যয়ন করি তাদের কাছে পবিত্র কুরআনের সেই জ্ঞানভান্ডার কখনোই উন্মোচিত হয় না। শুধুমাত্র কুরআন বর্ণিত (উলুল-আলবাব) বা গভীর জ্ঞানের অধিকারীগণই পবিত্র কুরআনের সেই বিজ্ঞানময় আয়াতসমূহের প্রকৃত অর্থ অনুধাবনে সক্ষম।

লেখক তাঁর এই বইটিতে পবিত্র কুরআনের সেই সকল বিজ্ঞানময় আয়াতের প্রকৃত অর্থ যথাসাধ্য ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। আল্লাহপাক লেখকের এই প্রয়াস কবুল করুন।

ইসলামের প্রতিটি আদেশ-নিষেধই অত্যন্ত বিজ্ঞানসম্মত তত্ত্বের আওতাধীন। পবিত্র কুরআনের প্রতিটি আয়াত বা বিষয়ই বৈজ্ঞানিক যুক্তির কষ্টিপাথরে প্রমাণিত। প্রয়োজন এগুলোর ব্যাখ্যা করা। আলোচ্য গ্রন্থ সেই অনুদ্ঘাটিত বিষয়াদির দ্বারোদ্ঘাটন করেছে দেখে আমি মুগ্ধ হয়েছি। বইটি সর্বশ্রেণীর পাঠকের নিকটই গ্রহণযোগ্য হবে। এবং পবিত্র কুরআনই যে সকল জ্ঞান-বিজ্ঞানের আধার এই বাস্তবতা উপলব্ধির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। আমি এই বইয়ের বহুল প্রচার কামনা করি।

মুহিউদ্দীন খান

সম্পাদক, মাসিক মদীনা

মাসিক মদীনা কার্যালয়, ঢাকা।

তাং-১৪.০৬.২০০৬