hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

রাসূলগণের মাধ্যমে আল্লাহর পরিচয়:

আমরা যখন আকাশে একটি বিমান উড়তে দেখি তখন মনে করি বিমানটিতে অবশ্যই চালক রয়েছে যিনি বিমানটি সঠিক ভাবে পরিচালনা করছেন এবং সুনির্দিষ্ট ভাবে এক দেশ থেকে অন্যদেশে এবং এক শহর থেকে অন্য শহরে অতি দক্ষতার সাথে উঠানামা করছেন। কিন্তু এই দর্শনের মাধ্যমে আমরা কি জানতে পারব চালকের আখলাক সম্পর্কে? দানশীল, না কৃপণ? দয়ালু না কঠিন? অহংকারী না বিনয়ী? সে কোন কোন জিনিস পছন্দ করে এবং কোন কোন জিনিস অপছন্দ করে? কোন সন্দেহ নেই যে শুধু মাত্র বিমান দর্শনের মাধ্যমে চালকের উলেখিত বৈশিষ্ট্য জানা সম্ভব নয়। বরং তা জানতে হলে চালকের প্রতিনিধি বা দূতের সাথে যোগাযোগ করতে হবে। সাথে সাথে আরও প্রয়োজন সেই প্রতিনিধি বা দূতের সত্যতা যাচাই করা যে, সত্যিই তিনি তার প্রতিনিধি কি না? তিনি সত্য বলছেন না মিথ্যা বলছেন?

আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের পূর্ণ পরিচয়ের প্রয়োজন রয়েছে। আমরা আল্লাহর বহু গুণাবলি ও বৈশিষ্ট্য থেকে অজ্ঞ যা, জানার অন্য কোন পন্থা নেই। একটাই মাত্র পথ, আর তাহলো আল্লাহর রাসূলের সাথে যোগাযোগ করা যারা আল্লাহর পক্ষ থেকে তাদের সত্যতার জন্য স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন। সে সম্পর্কে আল্লাহ তা’আলা বলেনঃ

لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط ( سورة الحديد ২৫ )

নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। (সূরা হাদীদ-২৫)