hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

কারামাতে আউলিয়া

কেউ হয়তো বলতে পারেন আপনারা কি কারামাতে আউলিয়া বিশ্বাস করেন না? যুগে যুগে কালে কালে আল্লাহর ওলীদের মাধ্যমে যে কারামাত প্রকাশ হয়েছে তা মানেন না? জবাবে আমরা বলবঃ অবশ্যই, আমরা কারামাতে আউলিয়াতে বিশ্বাস রাখি। তবে আল্লাহর শানে বেয়াদবী মূলক কোন কথাকে কারামত বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না যে, কোন মানুষ বাহ্যিকভাবে শরীয়তের পবন্দ হবে, আর মারেফতের নাম করে আভ্যন্তরিনভাবে তার বিপরীত চলবে আর বলবে এটা কারামতি। আমরা বিশ্বাস করি এধরণের আচরণ আল্লাহর ওলী তো দূরের কথা সাধারণ মুসলমানের জন্যেও শোভনীয় নয়; বরং তা শয়তানের ওলী তথা মুনাফেকদের আচরণ।

আমরা মানি যে আল্লাহর ওলীদের মাধ্যমে অনেক কারামত প্রকাশ ঘটেছে এবং এখনও ঘটে থাকে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসও বটে। ইমাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেনঃ

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মূলনীতির অন্তর্গত হচ্ছে, আউলিয়াদের কারামতকে সত্য বলে বিশ্বাস করা। ওলীদের মাধ্যমে মানুষের বোধগম্য নয় এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে তা মেনে নেয়া। [. মাজমু ফাতাওয়া ৩/১০৩ পৃঃ]

এ বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। করামাত সম্পর্কে আলোচনায় প্রবৃত্ত হওয়ার পূর্বে ওওলী কে, কিভাবে আল্লাহর ওলী হওয়া যায়, ওলীদের পরিচয় কি.. ইত্যাদি বিষয়ে আলোচনা করা প্রয়োজন।