hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

কোন ওলী কারামতের মালিক নয়ঃ

কারামত মূলতঃ আল্লাহ্‌ তাআলা তাঁর ওলীদেরকে সাহায্য করার জন্য অথবা তাদের থেকে কোন বিপদ দূরীভূত করার জন্য দিয়ে থাকেন। আল্লাহর ওলীরা কোন কারামতের মালিক নন। তাঁরা ইচ্ছা করলেই যে কোন সময় যে কোন কারামত দেখাতে পারেন এমন কোন ক্ষমতা তাঁদের নেই; বরং এ বিষয়টি সম্পূর্ণ আল্লাহর হাতে। যদি তাই হতো তবে নবী-রাসূলগণ এ বিষয়ে অগ্রসর হতেন। কাফেরদেরকে হেদায়েত করার জন্য যখন ইচ্ছা মো'জেযা দেখিয়ে চমক লাগাতেন এবং তখন সবাই হেদায়েত হয়ে যেত। এজন্য কাফেররা অনেক সময় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে অবাস্তব কিছু আবদার পেশ করত কিন্তু নবীজী তার কোন জবাব দিতেন না। আল্লাহ্‌ বলেনঃ

وَقَالُوا لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا، أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا، أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلاً، أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِنْ زُخْرُفٍ أَوْ تَرْقَى فِي السَّمَاءِ وَلَنْ نُؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّى تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولًا . “

তারা বলে, আমরা কখনই আপনার উপর ঈমান আনব না, যতক্ষণ না আপনি আমাদের জন্যে ভূমি হতে এক ঝর্ণাধারা উৎসারিত করবেন। অথবা আপনার হবে খেজুরের কিংবা আঙ্গুরের বাগান যার ফাঁকে ফাঁকে আপনি অজস্র ধারায় প্রবাহিত করে দেবেন নদী-নালা। অথবা আপনি যেমন বলে থাকেন, তদানুযায়ী আকাশকে খন্ড-বিখন্ড করে আমাদের উপর ফেলে দিন, অথবা আল্লাহ্‌ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করে দেখান। অথবা আপনার হবে স্বর্ণনির্মিত একটি গৃহ, অথবা আপনি আকাশে আরোহণ করবেন; অবশ্য আপনার আকাশ আরোহণেও আমারা বিশ্বাস করবো না যতক্ষণ না আপনি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবেন যা আমরা পাঠ করব। আপনি বলুন (হে রাসূল!) আমার প্রতিপালক পবিত্র মহান, আমি তো শুধু একজন মানুষ এবং আল্লাহর বার্তাবাহী একজন রাসূল। (সূরা বানী ইসরাঈলঃ ৯০-৯৩)

সউদী আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের ওলামায়ে কেরাম লিখেছেনঃ কারামত হচ্ছে একটি অলৌকিক বিষয় যা আল্লাহ্‌ তাআলা পূণ্যবান বান্দার মাধ্যমে প্রকাশ করে থাকেন। উক্ত বান্দা জীবিত হোক বা মৃত হোক। উদ্দেশ্য হচ্ছে, তাঁকে বিপদমুক্ত করা, উপকৃত করা বা তাঁর মাধ্যমে সত্যের বিজয় ঘটানো। কারামতের এই বিষয়টিতে নেক বান্দার কোন হাত নেই যে, তিনি ইচ্ছা করলেই কারামাত দেখাতে পারবেন। যেমনটি মো'জেযা দেখানোর ব্যাপারে নবী-রাসূলদের নিজের কোন ক্ষমতা ছিল না। এসব কিছুর মালিক ও কর্তা হলেন একমাত্র আল্লাহ্‌ তাআলা। তিনি বলেন, وَقَالُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَاتٌ مِنْ رَبِّهِ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ তারা বলে, তার (নবীর) পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন? বলুন, নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। (সূরা আনকাবূতঃ ৫০) [. ফতোয়া লাজনা দায়েমা ২/২৩৭]