hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

দুটি মৃত প্রাণী হালাল

আল্লাহ তা‘আলা স্থলভাগের যেসব প্রাণী মানবজাতির জন্য হালাল ঘোষণা করেছেন সেগুলো খাওয়ার উপযুক্ত হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে যবেহ করা অথবা শিকার করা। সুতরাং যদি কোন প্রাণী এমনি এমনিই মৃত্যুবরণ করে, তাহলে সে প্রাণী খাওয়া হারাম। তবে এ ব্যাপারে দুটি প্রাণীর ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। সেগুলো হলো মাছ এবং টিড্ডি। হাদীসে এসেছে,

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ : أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ : الْحُوْتُ وَالْجَرَادُ

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমাদের জন্য দুই প্রকার মৃত প্রাণী হালাল করা হয়েছে। একটি হচ্ছে মাছ এবং অপরটি হচ্ছে টিড্ডি। [ইবনে মাজাহ, হা/৩২১৮; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/২০১৮৯; শারহুস সুন্নাহ, হা/২৮০৩; জামেউস সগীর, হা/২১০; সিলসিলা সহীহাহ, হা/১১১৮; মিশকাত, হা/৪২৩২।]

পশু জীবিত থাকাবস্থায় তার দেহ থেকে কেটে নেয়া অংশ হারাম :

পশু জীবিত থাকা অবস্থায় তার দেহ থেকে কেটে নেয়া গোশত হারাম। হাদীসে এসেছে,

عَنْ أَبِىْ وَاقِدٍ قَالَ قَالَ النَّبِىُّ - مَا قُطِعَ مِنَ الْبَهِيْمَةِ وَهِىَ حَيَّةٌ فَهِىَ مَيْتَةٌ



আবু ওয়াকিদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, পশু জীবিত থাকতে যে অংশ কেটে নেয়া হয়, তা মৃত (পশুর মাংস) এর সমান। [আবু দাউদ, হা/২৮৬০; তিরমিযী, হা/১৪৮০; ইবনে মাজাহ, হা/৩২১৬; মুসনাদে আহমাদ, হা/২১৯৫৪।]