hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

অধ্যায়-১৬ : রাসূলুল্লাহ ﷺএর হেলমেট (শিরস্ত্রাণ) এর বিবরণ

عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ  : اَنَّ النَّبِيَّ دَخَلَ مَكَّةَ وَعَلَيْهِ مِغْفَرٌ ، فَقِيْلَ لَهٗ : هٰذَا ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِاَسْتَارِ الْكَعْبَةِ ، فَقَالَ : اُقْتُلُوْهُ

৮৪. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় (বিজয়ী বেশে) প্রবেশ করেন। তখন তাঁকে বলা হলো, ঐ যে ইবনে খাতাল কাবাগৃহের গিলাফ ধরে ঝুলছে। তিনি বললেন, তোমরা তাকে হত্যা করো। [সহীহ বুখারী, হা/১৮৪৬; সহীহ মুসলিম, হা/৩৩৭৪; আবু দাউদ, হা/২৬৮৭; নাসাঈ, হা/২৮৬৭; মুসনাদে আহমাদ, হা/১২০৮৭; ইবনে খুযাইমা, হা/৩০৬৩; ইবনে হিববান, হা/৩৭১৯; মুসনাদে বাযযার, হা/৬২৯০।]

ব্যাখ্যা :

ইবনে খাতালকে যে কারণে হত্যা করা হয় :

জাহেলী যুগে তার নাম ছিল আবদুল উজ্জা। সে মদিনায় এসে ইসলাম কবুল করলে তার নাম রাখা হয় আবদুল্লাহ। রাসূলুল্লাহ ﷺ তাকে এক এলাকায় যাকাত আদায় করার জন্য নিযুক্ত করেন। তার সহযোগী একজন মুসলিম গোলাম ছিল। খাবার তৈরি করতে একটু দেরী হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গোলামটিকে মেরে ফেলে এবং পালিয়ে মক্কায় গিয়ে ধর্মত্যাগী বা মুরতাদ হয়ে যায়। তাই মক্কা বিজয়ের দিন এ পাপিষ্ঠের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

তৎকালীন সময়ে আরবের মুশরিকরা কাবা ঘরের প্রতি পরম সম্মান প্রদর্শন করত। কোন অপরাধী কাবা ঘরের চাদর ধরে থাকলে তাকে নিরাপত্তা দেয়া হতো। নিয়মানুযায়ী নিরাপত্তার আশায় ইবনে খাতাল ঐ সময় কাবার গিলাফ ধরে থাকে। রাসূলুল্লাহ ﷺ তাকে হত্যার আদেশ দিলে সাহাবীগণ তাকে যম্যম্ কূপ ও মাকামে ইব্রাহীমের মধ্যবর্তী স্থানে এনে হত্যা করেন।

عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ، اَنَّ رَسُوْلَ اللهِ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ ، وَعَلٰى رَأْسِهٖ الْمِغْفَرُ قَالَ : فَلَمَّا نَزَعَهٗ جَاءَهٗ رَجُلٌ ، فَقَالَ لَهٗ : اِبْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِاَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ : اُقْتُلُوْهُ . قَالَ ابْنُ شِهَابٍ : وَبَلَغَنِيْ اَنَّ رَسُوْلَ اللهِ لَمْ يَكُنْ يَوْمَئِذٍ مُحْرِمًا

৮৫. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ ﷺ তাঁর মাথায় হেলমেট পরিধান করে মক্কায় প্রবেশ করেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তা খুলে রাখেন। এমন সময় এক ব্যক্তি এসে সংবাদ দিল যে, ইবনে খাতাল কাবা ঘরের গিলাফ ধরে ঝুলছে। তিনি বললেন, তোমরা তাকে হত্যা করো। [মুয়াত্তা মালেক, হা/৯৪৬; সহীহ বুখারী, হা/৪২৪৬; মুসনাদে আহমাদ, হা/১০৯৫৫।]

ইবনে শিহাব (রহঃ) বলেন, এ মর্মে আমার নিকট হাদীস পৌঁছেছে যে, রাসূলুল্লাহ ﷺ সে দিন ইহরাম অবস্থায় ছিলেন না।

بَابُ مَا جَاءَ فِي عِمَامَةِ رَسُوْلِ اللهِ