hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

অধ্যায়- ২৫ : রাসূলুল্লাহ ﷺ এর রুটির বিবরণ

রাসূলুল্লাহ ﷺ এর পরিবারবর্গ কখনো একাধারে ২দিন পেট ভরে যবের রুটি আহার করেননি :

عَنْ عَائِشَةَ ، اَنَّهَا قَالَتْ : مَا شَبِعَ اٰلُ مُحَمَّدٍ مِنْ خُبْزِ الشَّعِيْرِ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتّٰى قُبِضَ رَسُوْلُ اللهِ

১০৭. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর ওফাত পর্যন্ত মুহাম্মাদ ﷺ এর পরিবারবর্গ একাধারে ২দিন পেট ভরে যবের রুটি আহার করেননি। [ইবনে মাজাহ, হা/৩৩৪৬; তাহযীবুল আসার, হা/৬০৯; শারহুস সুন্নাহ, হা/৪০৭৩।]

ব্যাখ্যা : বদান্যতা ও দানশীলতায় রাসূলুল্লাহ ﷺ ছিলেন অতুলনীয়। স্বেচ্ছায় এ অবস্থাকে গ্রহণ করে নেয়ার কারণেই তাঁকে এরূপ সাদাসিধা জীবন-যাপন করতে হয়েছে।

তিনি চাইলে সীমাহীন স্বাচ্ছন্দের সাথে জীবন কাটাতে পারতেন। কিন্তু তা তাঁর পছন্দনীয় ছিল না।

রাসূলুল্লাহ ﷺ এর কাছে কখনো যবের রুটি উদ্ধৃত থাকত না :

عَنْ اَبِى أُمَامَةَ الْبَاهِلِيِّ يَقُوْلُ : مَا كَانَ يَفْضُلُ عَنِ اَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ خُبْزُ الشَّعِيْرِ

১০৮. আবু উমামা বাহিলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর গৃহে কখনো যবের রুটি উদ্ধৃত থাকত না। [মুসনাদে আহমাদ, হা/২২৩৫০; মুজামুল কাবীর, হা/৭৫৭৮; শারহুস সুন্নাহ, হা/৪০৭৫।]

ব্যাখ্যা : অন্যদের দান করার দরুণ রাসূলুল্লাহ ﷺ এর ঘরে অতিরিক্ত পাকানোর মতো খাদ্য থাকত না। তাছাড়া আহলুস সুফ্ফা এবং অন্যান্য মেহমান তো থাকতই।

মাঝে মাঝে তিনি আহারের জন্য কিছুই পেতেন না :

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ يَبِيْتُ اللَّيَالِيَ الْمُتَتَابِعَةَ طَاوِيًا هُوَ وَاَهْلُهٗ لَا يَجِدُوْنُ عِشَاءً وَكَانَ اَكْثَرُ خُبْزِهِمْ خُبْزَ الشَّعِيْرِ

১০৯. ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর পরিবারবর্গ একাধারে কয়েক রাত অনাহারে এমনভাবে কাটাতেন যে, তাঁরা আহার্য বস্তুর কোন কিছুই পেতেন না। আর অধিকাংশ সময় তাঁদের খাবার হতো যবের রুটি (অর্থাৎ ধারাবাহিক যবের রুটিও পেতেন না)। [ইবনে মাজাহ, হা/৩৩৪৭; মুসনাদে আহমাদ, হা/২৩০৩; মুসনাদুল বাযযার, হা/৪৮০৫; মুজামুল কাবীর, হা/১১৭৩৩।]

তিনি কখনো ময়দা দেখেননি এবং খাবারের জন্য কোন চালনিও ব্যবহার করেননি :

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، اَنَّهٗ قِيْلَ لَهٗ : اَكَلَ رَسُوْلُ اللهِ النَّقِيَّ ؟ - يَعْنِي الْحُوَّارٰى - فَقَالَ سَهْلٌ : مَا رَاٰى رَسُوْلُ اللهِ النَّقِيَّ حَتّٰى لَقِيَ اللهَ عَزَّ وَجَلَّ تَعَالٰى ، فَقِيْلَ لَهٗ : هَلْ كَانَتْ لَكُمْ مَنَاخِلُ عَلٰى عَهْدِ رَسُوْلِ اللهِ ؟ قَالَ : مَا كَانَتْ لَنَا مَنَاخِلُ . قِيْلَ : كَيْفَ كُنْتُمْ تَصْنَعُوْنَ بِالشَّعِيْرِ ؟ قَالَ : كُنَّا نَنْفُخُهٗ فَيَطِيْرُ مِنْهُ مَا طَارَ ثُمَّ نَعْجِنُهٗ

১১০. সাহল ইবনে সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তাঁকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ ﷺ কি ময়দার রুটি আহার করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর ওফাত পর্যন্ত ময়দা দেখেননি। তারপর তাঁকে বলা হলো, রাসূলুল্লাহ ﷺ এর সময় আপনাদের কি চালনি ছিল? তিনি বললেন, আমাদের কোন চালনি ছিল না। তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, তবে আপনারা যবের রুটি কীভাবে ব্যবহার করতেন? তিনি বললেন, আমরা তাতে ফুঁ দিতাম, যাতে অখাদ্য কিছু থাকলে তা উড়ে যায়। এরপর আমরা খামির করে নিতাম। [মুসনাদে আহমাদ, হা/২২৮৬৫; তাহযীবুল আছার, হা/২৫১৭।]

ব্যাখ্যা : সাহল (রাঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ ﷺ ময়দা দেখেননি এবং চালনি ব্যবহার করেননি। এ কথা তিনি তার জানা অনুসারে বলেছেন। কেননা তখন মক্কা ও মদিনায় চালনির প্রচলন ছিল না। অন্যথায় রাসূলুল্লাহ ﷺ নবুওয়াত প্রাপ্তির পূর্বে সিরিয়া সফরের সময় ময়দা দেখে থাকতে পারেন। কেননা সিরিয়ায় চালনি দিয়ে ময়দা চালার রেওয়াজ আগে থেকেই ছিল।

তিনি আহারের জন্য টেবিল এবং ছোট প্লেট ব্যবহার করতেন না :

عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : مَا اَكَلَ نَبِيُّ اللهِ عَلٰى خِوَانٍ وَلَا فِي سُكُرُّجَةٍ ، وَلَا خُبِزَ لَهٗ مُرَقَّقٌ قَالَ : فَقُلْتُ لِقَتَادَةَ : فَعَلَامَ كَانُوْا يَأْكُلُوْنَ ؟ قَالَ : عَلٰى هٰذِهِ السُّفَرِ

১১১. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ টেবিলে আহার করতেন না, ছোট প্লেটে খাবার নিতেন না এবং তাঁর জন্য চাপাতিও তৈরি করা হতো না।

(বর্ণনাকারী) ইউনুস বলেন, আমি কাতাদা (রহঃ) কে জিজ্ঞেস করে বললাম, তাহলে কোন ধরণের প্লেটে তাঁরা আহার করতেন? তিনি বলেন, দস্তরখানের উপর রেখে আহার করতেন। [সহীহ বুখারী, হা/৫৬১৫; মুসনাদে আহমাদ, হা/১২৩৪৭।]

ব্যাখ্যা : ‘সুকুররুজাহ’ শব্দটি ফারসী শব্দ। ক্ষুধা এবং হজমকারক রুচিবর্ধক বিভিন্ন উপকরণ রাখার ছোট ছোট পাত্র। রাসূলুল্লাহ ﷺ যেহেতু নিজে পেটভরে আহার করতেন না, কাজেই পরিতৃপ্ত ভোজনের উপকরণও ব্যবহার করতেন না। তাছাড়া এভাবে আহার করা যেহেতু বিলাসী, তাই রাসূলুল্লাহ ﷺ এসব পদ্ধতি পরিহার করতেন। এটা অতিভোজনকারী লোভী লোকদের অভ্যাস।

عَنْ عَائِشَةَ ، قَالَتْ : مَا شَبِعَ رَسُوْلُ اللهِ مِنْ خُبْزِ الشَّعِيْرِ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتّٰى قُبِضَ

১১২. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মৃত্যু পর্যন্ত তাঁর জীবদ্দশায় একাধারে ২দিন যবের রুটি আহার করেননি। [তাহযীবুল আছার, হা/৬০৯; শারহুস সুন্নাহ,হা/৪০৭৩।]

- بَابُ مَا جَاءَ فِيْ صِفَةِ اِدَامِ رَسُوْلِ اللهِ